জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত সিনেমা ‘মাসুদ রানা’ আসছে রোজার ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পাঁচ বছর আগে কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের গল্প নিয়ে সিনেমা শুরু করেছিল জাজ মাল্টিমিডিয়া।
সৈকত নাসির পরিচালিত সিনেমাটিতে পূজা চেরীকে দেখা যাবে সোহানা চরিত্রে। আর মাসুদ রানা চরিত্রে রাসেল রানা ও অবনিতা চরিত্রে নবাগতা সৈয়দা তিথি অমিকে দেখা যাবে। দীর্ঘ সময় কেটে গেলেও শেষ হয়নি সিনেমাটির কাজ, প্রেক্ষাগৃহে আলো ছড়ায়নি এখনও।
শোনা যাচ্ছে— আসছে রোজার ঈদে মুক্তির জন্য তৈরি হচ্ছে ‘মাসুদ রানা’। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক সিনেমাটি নিয়ে সুস্পষ্ট করে কিছু বলছেন না। তবে বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে, রোজার ঈদে মুক্তির মিছিলে থাকছে ‘মাসুদ রানা’।
২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমা শুরু থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। ২০২১ সালের ফেব্রুয়ারি শুটিং শুরু হলেও নানা কারণে তা দীর্ঘদিন ধরে থমকে যায়। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে শুটিং হয়েছিল।
সিনেমাটির সর্বশেষ খবর নিয়ে সোমবার পরিচালক সৈকত নাসির বলেন, সিনেমাটির কাজ পুরোপুরি শেষ না হলেও এর ডাবিং-এডিটিং শেষ হয়েছে। শুধু সামান্য কিছু শুটিং বাকি রয়েছে। একটি গান ও কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য। শিগগিরই এর কাজ শুরু হবে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে সেভাবেই বলা হয়েছে। তবে ঈদে মুক্তির বিষয়টি নিয়ে আমার পক্ষে কিছু বলা সম্ভব হচ্ছে না। মুক্তি প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানই ভালো বলতে পারবে।
এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও প্রতিষ্ঠানের সিইও আলিমউল্লাহ খোকন বলেন, সিনেমাটির বাকি কাজ আমরা শিগগিরই শেষ করতে চাই। তবে মুক্তি প্রসঙ্গে এখন কিছু বলতে পারছি না।
এই সিনেমাটির জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন পূজা চেরী। শুটিংয়ের সময় আহত হয়েও তিনি কাজ চালিয়ে যান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়গুলোর একটি। দীর্ঘদিন সিনেমাটি ঝুলে থাকায় তার মন খারাপ হলেও, মুক্তি পেলে দর্শক নতুন এক পূজা চেরীকে দেখবেন বলে আশাবাদী তিনি।
পূজা চেরী এখন রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এই সিনেমার কিছু অংশের দৃশ্যায়নের ভিডিও ফাঁস হয়ে আলোচনায় আসেন এই নায়িকা।
এফআর