পর্যটকদের শীতকালীন স্বর্গরাজ্য পঞ্চগড়

এসকে দোয়েল, পঞ্চগড়

সারাদেশ

ইট-পাথরে ঘেরা যানজটের যান্ত্রিক শহর যখন তপ্ত নিঃশ্বাস ফেলে, তখন প্রকৃতির এক নির্ভেজাল শীতল পরশ খুঁজে পেতে পর্যটকদের আদর্শ গন্তব্য

2026-01-20T10:34:28+00:00
2026-01-20T10:34:28+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
পর্যটকদের শীতকালীন স্বর্গরাজ্য পঞ্চগড়
এসকে দোয়েল, পঞ্চগড়
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৩৪ এএম   (ভিজিট : ২৩৭)
পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। সংগৃহীত ছবি
ইট-পাথরে ঘেরা যানজটের যান্ত্রিক শহর যখন তপ্ত নিঃশ্বাস ফেলে, তখন প্রকৃতির এক নির্ভেজাল শীতল পরশ খুঁজে পেতে পর্যটকদের আদর্শ গন্তব্য হতে পারে উত্তরের জনপদ পঞ্চগড়। টেকনাফ থেকে তেঁতুলিয়া-দেশের মানচিত্রের এই শেষ বিন্দুটি এখন শীতপ্রেমী ভ্রমণচারীদের জন্য এক অনন্য আকর্ষণ। কুয়াশার চাদরে মোড়ানো মেঠোপথ, দিগন্তজোড়া সমতলের চা বাগান আর চোখের সামনে ভেসে ওঠা হিমালয়-কাঞ্চনজঙ্ঘার রাজকীয় রূপ—সব মিলিয়ে পঞ্চগড় যেন এক জীবন্ত রূপকথা।

হিমালয়-কাঞ্চনজঙ্ঘার দর্শন
ভৌগোলিক অবস্থানের কারণে পঞ্চগড়কে বলা হয় ‘হিমালয়কন্যা’। প্রতিবেশী দেশ ভারত ও নেপালের অতি সন্নিকটে হওয়ায় এ জেলার বিভিন্ন স্থান থেকে দেখা মেলে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বর মাসে আকাশ যখন মেঘমুক্ত হয়, তখন শ্বেতশুভ্র বরফে ঢাকা পর্বতচূড়া এক নয়নাভিরাম প্রাকৃতিক ক্যানভাস তৈরি করে। একে বলা হয় ‘তুষারের পাঁচ রত্ন’ বা ‘তুষারের পাঁচটি ঐশ্বর্য’। ২৬ হাজার ফুটেরও বেশি উচ্চতার এই পর্বতটি দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন হিমালয়কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

কেন পঞ্চগড়ে শীত এত বেশি?
আবহাওয়াবিদদের মতে, উত্তর গোলার্ধ থেকে আসা হিমেল বায়ুর একটি অংশ কাশ্মীর, দিল্লি ও পশ্চিমবঙ্গ হয়ে সরাসরি পঞ্চগড়ে প্রবেশ করে। হিমালয়ের অতি নৈকট্যের কারণে এ অঞ্চলে মাঝেমধ্যেই তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি চলে যায়। ২০১৮ সালের ৮ জানুয়ারি তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল দেশের গত ৩০ বছরের সর্বনিম্ন রেকর্ড। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্তমানে আর্কটিক অঞ্চলের বাতাসও এ অঞ্চলে শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে, যা পর্যটকদের জন্য সত্যিকারের শীতের অনুভূতি নিয়ে আসে।

চারদেশীয় মেলবন্ধন : বাংলাবান্ধা জিরো পয়েন্ট
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শেষ প্রান্তে অবস্থিত বাংলাবান্ধা জিরো পয়েন্ট। এটি শুধু একটি স্থলবন্দর নয়, বরং পর্যটনের এক অপার সম্ভাবনার নাম। এখান থেকে ভারতের শিলিগুড়ি শহরের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। আকাশপথে দার্জিলিং ৫৮ কিলোমিটার, নেপাল ৬১ কিলোমিটার এবং এভারেস্ট শৃঙ্গ মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। ভুটান ও চীনের সীমানাও এখান থেকে বেশ কাছে। মানচিত্রের এই মোহনা পর্যটকদের এক ভিন্ন রোমাঞ্চ জোগায়।


যান্ত্রিকতা ছেড়ে লোকজ সংস্কৃতির খোঁজে
শহরের কংক্রিটের দেয়ালে শীতের প্রকৃত আমেজ খুঁজে পাওয়া অসম্ভব। কিন্তু উত্তরের পঞ্চগড়ের গ্রামীণ জনপদে শীত আসে নবান্নের উৎসব নিয়ে। মাঠের সোনালি ধান, কৃষাণীর ধান মাড়ানো, ঘরে ঘরে পিঠাপুলির সুবাস আর অতিথি আপ্যায়নের চিরায়ত সংস্কৃতি—সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়। ভোরের শিশিরভেজা ঘাস আর কুয়াশাচ্ছন্ন চা বাগানের ভেতর দিয়ে হেঁটে চলা পর্যটকদের দেয় এক অপার্থিব প্রশান্তি।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, উত্তরের এ জেলাটি ‘হিমালয় পর্বত কাছে হওয়ায় এ অঞ্চলে দেশের অন্যান্য জেলার আগেই শীত নামে। বর্তমানে তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা ওঠানামা করছে। শীতের এই সময়টা এখানে উৎসবের মতো, যা পর্যটকরা দারুণভাবে উপভোগ করতে পারেন।

কেন যাবেন পঞ্চগড়?
শীত উপভোগের অনন্য পছন্দের জায়গা হচ্ছে হিমালয়কন্যা পঞ্চগড়ে। এখানে অক্টোবর-নভেম্বর পর্যন্ত খুব কাছ থেকে পৃথিবীর সুউচ্চ হিমালয়ের চূড়া ও বরফের পাহাড় কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। দক্ষিণের টেকনাফের বিপরীতে উত্তরের শেষ প্রান্তে বাংলাবান্ধা জিরো পয়েন্ট। যা চার দেশীয় সীমান্তের মেলবন্ধনে তৈরি করে ভিন্ন অনুভূতির রোমাঞ্চ। শীতের তীব্রতা হিসেবে দেশের সর্বনিম্ন তাপমাত্রার প্রকৃত অনুভূতি মিলবে এখানে আসলে। দিগন্ত জুড়ে সমতলের চা বাগান আর শীতপ্রধান দেশ নেদারল্যান্ডের রাজকীয় সৌন্দর্যের টিউলিপ গার্ডেন দেখা মিলবে তেঁতুলিয়ার দর্জিপাড়া গ্রামে। শীতের নবান্ন উৎসবে গ্রাম বাংলার পিঠাপুলি ও সংস্কৃতির ছোঁয়া পাওয়ার পাশাপাশি এ অঞ্চলের ঐতিহাসিক স্থাপনা হিসেবে হেরিটেজ পর্যটনসহ সীমান্তজুড়ে নানান সৌন্দর্য উপভোগ হয়ে উঠবে শীতকে কেন্দ্র করে। 

ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন পঞ্চগড়ের সভাপতি সরকার হায়দার জানান, গরমের তপ্ততায় শীত উপভোগ করতে চান, তাদের জন্য শীতকালীন পঞ্চগড় দারুণ জায়গা হতে পারে। এখানে শুধুই শীত নয়, রয়েছে ইতিহাস-ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও লোকজসহ রকমারী দর্শনীয় স্থান। যা পর্যটকদের শীত উপভোগের আনন্দ বাড়িয়ে দেবে। 

আরআর



  বিষয়:   পঞ্চগড়  শীত  পর্যটক  কাঞ্চনজঙ্ঘা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: