নারায়ণগঞ্জে আগামী ২২ জানুয়ারি পথসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনি প্রচারণায় সোনারগাঁ ও রূপগঞ্জ অথবা আড়াইহাজারে পথসভা করতে পারেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে চাঙ্গা হয়েছে নারায়ণগঞ্জের রাজনীতি। নেতার আগমনে উচ্ছ্বাসিত জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পথসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কাচপুর বালুর মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ।
জানা গেছে, সোনারগাঁয়ের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী কাঁচপুর বালুর মাঠে নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হবে। এদিকে আড়াইহাজার অথবা রূপগঞ্জে যে-কোনো একটি স্থানে নির্বাচনি পথসভায় অংশ নিতে পারেন তারেক রহমান।
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ জানান, আগামী ২২ জানুয়ারি আমাদের নেতা তারেক রহমান নারায়ণগঞ্জে আসবেন। এখানে জনসভা হবে ঢাকা সিলেট মহাসড়কের পাশে।
তিনি আরও বলেন, পথসভায় বিপুল লোকসমাগমের প্রস্তুতি রয়েছে। আমাদের নেতার প্রথম কর্মসূচি নারায়ণগঞ্জে। তাকে আগমনকে স্মরণীয় করতে আমাদের চেষ্টা থাকবে।
এদিকে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা যৌথভাবে একাধিক প্রস্তুতি সভা করে পথসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এসব সভায় পথসভাগুলোকে সফল করতে করণীয়, জনসংযোগ এবং সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রস্তুতি সভায় নেতারা বলেন, তারেক রহমানের এই পথসভা নারায়ণগঞ্জে বিএনপির নির্বাচনি প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ঘটবে। তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার আগমন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সর্বোচ্চ শক্তি ও সাংগঠনিক সক্ষমতা দিয়ে কর্মসূচি সফল করবে। সংবর্ধনা ও জনসভায় কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ জানান, তারেক রহমানের এই সফর দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক টিম, শৃঙ্খলা কমিটি ও প্রচার উপকমিটি গঠন করা হবে বলে জানিয়েছে জেলা বিএনপি। পাশাপাশি বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিক প্রস্তুতি চলছে।
সময়ের আলো/আআ