আন্তর্জাতিক অঙ্গনে আবারও সুনাম কুড়াল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড (Gold Award) অর্জন করেছেন জাবির ১৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১২ জনই ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী।
সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রায় ১৮ মাসব্যাপী ধারাবাহিক ও চ্যালেঞ্জিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে শিক্ষার্থীরা এই স্বর্ণপদক অর্জন করেন। কর্মসূচির আওতায় তারা মাঠভিত্তিক গবেষণা, সামাজিক সেবা, নেতৃত্ব উন্নয়ন, পরিবেশ সংরক্ষণমূলক উদ্যোগ এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা তাদের একাডেমিক জ্ঞানকে প্রয়োগ করে পরিবেশ সংরক্ষণ, কমিউনিটি উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ডে দক্ষতার স্বাক্ষর রাখেন। তারা প্রমাণ করেছেন, ভূগোল কেবল পাঠ্যবইনির্ভর কোনো বিষয় নয়। বরং সমাজ ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রয়োগধর্মী বিজ্ঞান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড তরুণদের আত্মনির্ভরশীলতা, নেতৃত্বগুণ এবং বৈশ্বিক নাগরিকত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের এই অর্জন ভবিষ্যতে পরিবেশবান্ধব, দায়িত্বশীল ও দক্ষ পেশাজীবী তৈরিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
শিক্ষার্থীরা এই সাফল্যের পেছনে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, সহপাঠী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতে দেশ, সমাজ ও পরিবেশের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগগুলোর অন্যতম। এ বিভাগের অধিকাংশ শিক্ষক আন্তর্জাতিক মানের গবেষক ও জিআইএস স্পেশালিস্ট। ফলে বিভাগটি ইতোমধ্যেই জাবির অন্যতম ‘সুপার ফাস্ট ডিপার্টমেন্ট’ হিসেবে পরিচিতি লাভ করেছে।
সময়ের আলো/আআ