কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ আজমেরী ওসমানের দুই সহযোগীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
আটক দুজন হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ চিশতী (৪২)। শাকিল আজমেরী ওসমানের ‘বডিগার্ড’ হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ঢাকাগামী ‘এশিয়া এয়ারকন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আটক ব্যক্তিরা অস্ত্রটি কোথায় নিয়ে যাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের পুত্র এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান ভারতে পলাতক রয়েছেন।
সময়ের আলো/আআ