ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশালের ছয়টি সংসদীয় আসনের ৩৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি ) বেলা সাড়ে ১২টায় বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পর প্রার্থী ও তাদের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় নামবেন প্রার্থীরা। এবারের নির্বাচনের বরিশালের ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, বাসদ ও স্বতন্ত্রসহ ৩৬ জন প্রার্থী।
প্রার্থীরা জানান, নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা। বিভিন্নভাবে নেতা কর্মীদের হুমকি ও হয়রানির অভিযোগ করেন প্রার্থীরা।
তবে নির্বাচনি পরিবেশ সুন্দর রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন। এর আগে নির্বাচনি আচরণবিধি নিয়ে প্রার্থী ও সমর্থকদের সাথে আলোচনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
সময়ের আলো/আআ