শার্শায় দাপট দেখাচ্ছে অবৈধ ইটভাটা

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর)

হাইকোর্টের সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও নির্দেশনা থাকা সত্ত্বেও যশোরের শার্শা উপজেলায় একাধিক ইটভাটা অবৈধভাবে চালু রয়েছে। পরিবেশ ধ্বংস, কৃষিজমি দখল, নির্বিচারে

2026-01-22T02:18:59+00:00
2026-01-22T02:18:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শার্শায় দাপট দেখাচ্ছে অবৈধ ইটভাটা
শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ২:১৮ এএম 
হাইকোর্টের সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও নির্দেশনা থাকা সত্ত্বেও যশোরের শার্শা উপজেলায় একাধিক ইটভাটা অবৈধভাবে চালু রয়েছে । ছবি : সংগৃহীত
হাইকোর্টের সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও নির্দেশনা থাকা সত্ত্বেও যশোরের শার্শা উপজেলায় একাধিক ইটভাটা অবৈধভাবে চালু রয়েছে। পরিবেশ ধ্বংস, কৃষিজমি দখল, নির্বিচারে বৃক্ষনিধন ও ভয়াবহ বায়ুদূষণের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে এসব অবৈধ ইটভাটা। এতে একদিকে যেমন আইনের শাসন উপেক্ষিত হচ্ছে, অন্যদিকে মারাত্মক ঝুঁকিতে পড়ছে স্থানীয় পরিবেশ, কৃষি ও জনজীবন।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পরিবেশ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলেন, পরিবেশগত ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা সম্পূর্ণ বেআইনি। আদালতের নির্দেশ অমান্যকারী ভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শার্শা উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল কবির বলেন, একসময় সরকারি নিয়ম মেনেই আমরা লাইসেন্স নিয়েছিলাম। কিন্তু দীর্ঘদিন ধরে নবায়ন প্রক্রিয়া বন্ধ থাকায় অনেক ভাটা সংকটে পড়েছে। নবায়নের সুযোগ পেলে আমরা পরিবেশ ও শ্রম আইন মেনে ভাটা চালাতে প্রস্তুত।

হাইকোর্টের নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা ও জনবসতি থেকে নির্দিষ্ট দূরত্বের (সাধারণত তিন কিলোমিটার) মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। একই সঙ্গে কৃষিজমিতে ইটভাটা স্থাপন, কাঠ বা জ্বালানি কাঠ ব্যবহার করে ইট পোড়ানো এবং পরিবেশগত ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়া ভাটা পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব শর্ত লঙ্ঘনকারী ইটভাটা তাৎক্ষণিকভাবে বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন আদালত।

এ প্রেক্ষাপটে গত ১২ মার্চ ২০২৪ তারিখে হাইকোর্টে দায়ের করা একটি রিটের ভিত্তিতে গঠিত পরিদর্শন কমিটি শার্শা উপজেলার ২৩টি ইটভাটা সরেজমিন পরিদর্শন করে। পরিদর্শনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ২৩টির মধ্যে ২০টি ইটভাটাই কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই অবৈধভাবে পরিচালিত হওয়ার তথ্য পাওয়া যায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইট পোড়ানো ও কাঁচা ইট তৈরিসহ সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেন এবং ভাটা মালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ করেন।

তবে প্রশাসনিক নির্দেশনার পরও বর্তমানে বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, লক্ষণপুর ইউনিয়নের সাংবাদিক পরিচয়ধারী সবুজ হোসেনের মালিকানাধীন মেসার্স কে এ এ ব্রিকস, বাগআঁচড়া ইউনিয়নের টেংরা জামতলার সিরাজুল ইসলামের মেসার্স রিফা ব্রিকস, একই এলাকার তৌহিদুর রহমানের মেসার্স বিশ্বাস ব্রিকস, কুচেমোড়া হাড়িখালির মিজানুর রহমানের টাটা ব্রিকস, গোগা ইউনিয়নের হযরত আলীর মেসার্স রাজ ব্রিকস, ইছাপুরের শফিউর রহমানের মেসার্স এস টি ব্রিকস, কায়বা ইউনিয়নের পশ্চিমকোটার হাজরাতলা এলাকার আরাফাত ইসলামের মেসার্স নাইস ব্রিকস, পিঁপড়াগাছীর শহিদুল ইসলামের মেসার্স সাফা ব্রিকসসহ প্রায় ২০টি ইটভাটা এখনও প্রকাশ্যে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অন্যদিকে শার্শা উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল কবিরের মালিকানাধীন মেসার্স প্রাইম ব্রিকস লাইসেন্স নবায়ন না থাকায় চলতি মৌসুমে বন্ধ রয়েছে। এ ছাড়া আর্থিক সংকট ও লাইসেন্স জটিলতার কারণে আরও তিনটি ইটভাটা বর্তমানে বন্ধ আছে।

ভাটা মালিকদের দাবি, অতীতে সরকারি বিধিবিধান অনুসরণ করেই ‘হাওয়া ভাটা’ ও ‘ঝিকঝাক ভাটা’ পদ্ধতিতে লাইসেন্স নেওয়া হয়েছিল। তবে নীতিগত ও প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে নতুন লাইসেন্স প্রদান ও নবায়ন প্রক্রিয়া বন্ধ রয়েছে।

 দেশে বর্তমানে প্রায় ৭ থেকে ১০ হাজার ইটভাটা চালু রয়েছে যার মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশই অবৈধ। এসব ভাটার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ শ্রমিকের জীবিকা জড়িত। লাইসেন্স নবায়নের সুযোগ দিলে পরিবেশ আইন ও শ্রম আইন মেনে ভাটা পরিচালনা করবেন মালিকরা। স্থানীয় বলছেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের শিথিলতা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে। তারা দ্রুত উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়ন, নিয়মিত মনিটরিং এবং অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   অবৈধ ইটভাটা  নিষেধাজ্ঞা  হাইকোর্ট 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: