‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট হার মানাবে বিলাসবহুল হোটেলকেও’

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেছেন, সুযোগ-সুবিধার বিবেচনায় রাজধানীর মিন্টো রোডে

2026-01-23T03:31:41+00:00
2026-01-23T03:31:41+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট হার মানাবে বিলাসবহুল হোটেলকেও’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৩:৩১ এএম 
হোসেন জিল্লুর রহমান। ছবি : সংগৃহীত
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেছেন, সুযোগ-সুবিধার বিবেচনায় রাজধানীর মিন্টো রোডে থাকা সচিবদের ফ্ল্যাটগুলো বিলাসবহুল হোটেলকেও হার মানাবে। সরকারের এ ধরনের ব্যয়ের জন্য কে জবাবদিহি করবে তা আলোচনার মধ্যে নেই। খরচের সঠিক ব্যবস্থাপনা ছাড়া বাংলাদেশ এগোতে পারবে না।

বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘অর্থনৈতিক শাসন ও দুর্নীতি প্রতিরোধ’ শীর্ষক এক নীতি সংলাপে তিনি এসব কথা বলেন। নীতি সংলাপটির আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

জিল্লুর রহমান বলেন, সরকারি কর্মকর্তাদের বিপুল হারে বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার কতটা বেড়েছে, বেতন বৃদ্ধি কতটা যৌক্তিক তার ব্যাখ্যা কোথায়? রাষ্ট্রীয় ব্যয়ের কার্যকারিতা কোথায় বেড়েছে, সেই বিষয়ে পূর্ণাঙ্গ খতিয়ান প্রয়োজন। সরকারের অপচয়মূলক প্রকল্প ও পরিচালন ব্যয় নিয়ে সেভাবে আলোচনা হয় না। এসব ব্যয়ের ক্ষেত্রে কার্যকর জবাবদিহিও দেখা যায় না। 

তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রীয় কাঠামোয় কয়েকটি গুরুতর অদক্ষতা দানা বেঁধে আছে। এর একটি হলো অর্থায়ন সংকট। দ্বিতীয়টি সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব এবং আরেকটি হলো ক্ষমতাবানদের অহমিকা দেখানোর প্রকল্প। সম্প্রতি বিমানের পরিচালনা পর্ষদে হঠাৎ তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে, এর ব্যাখ্যা কী? নিয়োগের যৌক্তিক কারণ থাকলে তা প্রকাশ করতে সমস্যা কোথায়? সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব এই সরকারের মধ্যেও আছে। আগেও এই সমস্যা ছিল, ভবিষ্যতে যেন তা আর না থাকে তা আমাদের নিশ্চিত করতে হবে।

সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) নির্বাহী পরিচালক এম আবু ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্কুল অব বিজনেসের ডিন এম এ বাকী খলিলী, রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডার সভাপতি আবদুল হক, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান সরদার এ নাঈম ও ব্যবসায়ী নেতা শাহদাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী।

সময়ের আলো/এসকে/ 




  বিষয়:   মিন্টো রোড  সচিব  ফ্ল্যাট  বিলাসবহুল হোটেল 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: