ঢাকার মঞ্চে
আবারও এসেছে দেশ নাটকের আলোচিত প্রযোজনা ‘দর্পণে শরৎশশী’। তিন দশক আগের
নাটকটি মঞ্চে এসেছে নতুন করে। মনোজ মিত্র রচিত নাটকটি এবার নির্দেশনা
দিয়েছেন কামাল আহমেদ। ‘দর্পণে শরৎশশী’ গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে
রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে। একই স্থানে এর আরেকটি প্রদর্শনী হবে আজ
সন্ধ্যায়।
‘দর্পণে শরৎশশী’ নাটকের প্রথম মঞ্চায়ন হয়েছিল ১৯৯২ সালে।
নির্দেশনা দিয়েছিলেন আলী যাকের। এতে শরৎশশী চরিত্রে অভিনয় করেছিলেন আফসানা
মিমি ও মনোরমা চরিত্রে চিলেন ইশরাত নিশাত। আলী যাকের ও ইশরাত নিশাত দুজনেই
প্রয়াত হয়েছেন। তাই ইশরাত নিশাতের স্মরণে ও অনুসরণে দেশ নাটক নতুন করে
মঞ্চে এনেছে দর্পণে শরৎশশী।
নাটকটির নতুন মঞ্চায়নে অভিনয়ে আছেন-
কামাল আহমেদ, মাসুম রেজা, অশোক ব্যাপারী, এহসানুল আজিজ বাবু, তৌহিদ মিটুল,
শোয়েব ইসলাম, কাজী মিজান কোয়েল, এ কে খান সজল প্রমুখ। আফসানা মিমির স্থলে
শরৎশশী চরিত্রে অভিনয় করছেন ব্রততি বিথু। আর ইশরাত নিশাত অভিনীত মনোরমা
চরিত্রটি করছেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকি। এ প্রসঙ্গে নাজনীন হাসান
চুমকি বলেন, ইশরাত নিশাত থিয়েটারে একজন কিংবদন্তি। যার আশ্রয়ে, প্রশ্রয়ে,
আদরে আমি আজ নাজনীন হাসান চুমকি, তিনি ইশরাত নিশাত। আমার সৌভাগ্য
উত্তরাধিকার সূত্রে চরিত্রটিতে অভিনয় করছি। নিশাত আপা আমার কাছে আবেগ,
শ্রদ্ধা এবং ভালোবাসার নাম।
উল্লেখ্য, দেশ নাটকের এই আয়োজনে
শুধু অভিনেত্রী ইশরাত নিশাতকেই নয়, পাশাপাশি স্মরণ করা হয়েছে নাটকটির
নির্দেশক আলী যাকের ও নাট্যকার মনোজ মিত্রকেও। একই সঙ্গে স্মরণ করা হয়েছে
দেশ নাটকের প্রয়াত নাট্যকর্মী মো. জসিম উদ্দিন, গোলাম ফারুক, সুজাত কবির ও
দিলীপ চক্রবর্তীকে।
সময়ের আলো/এসকে/