লম্বা সময়ের
বিরতি কাটিয়ে শিগগিরই শুটিংয়ে ফিরছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল
ফারুক অপূর্ব। প্রায় চার মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সম্প্রতি দেশে
ফিরেছেন তিনি। কয়েক দিন বিশ্রাম নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়বেন লাইট-ক্যামেরা
ও অ্যাকশনে।
জানা গেছে, একটি নাটকের এক দিনের প্যাচওয়ার্ক দিয়েই
আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন অপূর্ব। এরপর তিনি অংশ নেবেন দুটি ওয়েব
সিরিজে। এর একটি শিহাব শাহীনের ‘গোলাম মামুন ২’ এবং অন্যটি সালেহ সোবহান
অনীমের ‘হেডলাইন’। রাজনৈতিক থ্রিলার ঘরানার ‘হেডলাইন’ সিরিজে একজন
সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অপূর্বকে। এতে তার বিপরীতে রয়েছেন আফসানা আরা
বিন্দু। এর আগেও তারা একসঙ্গে কাজ করেছেন তবে ‘হেডলাইন’-এর মাধ্যমে এক দশক
পর ফিরছেন অপূর্ব-বিন্দু জুটি। সিরিজটি প্রচারিত হবে হইচই প্ল্যাটফর্মে।
অন্যদিকে
প্রথম কিস্তির মতো ‘গোলাম মামুন-২’তেও অপূর্বের সঙ্গে থাকছেন সাবিলা নূর।
এবারের গল্পেও ভিন্ন ইমেজে ধরা দেবেন অভিনেতা। নির্মাতা শিহাব শাহীন জানান,
দ্বিতীয় মৌসুমেও নামভূমিকায় অপূর্বই থাকবেন। ‘গোলাম মামুন’-এ এক পুলিশ
কর্মকর্তার চরিত্রে দেখা গেছে অপূর্বকে।
প্রসঙ্গত, এর আগে ২০২৪
সালের ২৬ ডিসেম্বরে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে যান অপূর্ব। প্রায় ৭ মাস ১০
দিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে গত বছরের ৫ আগস্ট দেশে ফিরে তিনি কয়েকটি
নাটকের শুটিংয়েও অংশ নেন। তবে স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা অন্তঃসত্ত্বা
হওয়ায় গত বছরের ২ অক্টোবর আবারও যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অভিনেতা। গত ১২
ডিসেম্বর অপূর্ব ও শাম্মা দেওয়ান তৃষার ঘরে জন্ম নেয় একটি কন্যাসন্তান।
আদরের সেই কন্যার নাম রাখা হয়েছে আনায়া ফারুক।
সময়ের আলো/এসকে/