নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও সরব ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অরিজিনাল ফিল্ম ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান, সম্পর্কের টানাপড়েন নিয়ে নির্মিত এই রোমান্টিক-কমেডি ঘরানার ফিল্মটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। এতে পারসা ইভানার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। সিনেমাটি অবমুক্ত হবে হইচই প্ল্যাটফর্মে। হইচইয়ে এটাই প্রথম কাজ পরিচালকের। একইভাবে এই প্ল্যাটফর্মের পর্দায় প্রথমবারের মতো দেখা যাবে ইয়াশ-পারসাকে। পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকের পছন্দের, আর এই ফিল্মে একদম নতুন ও সময়োপযোগী অবতারে ধরা দেবে এই জুটি।
ইয়াশ-পারসা ছাড়াও এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেকে।
পরিচালক রেজাউর রহমান এই কনটেন্ট প্রসঙ্গে বলেন, আমরা এমন একসময়ের গল্প বলতে চেয়েছি যেখানে ভালোবাসা আছে কিন্তু ব্যক্তিগত স্পেস আর ক্যারিয়ারের চাপে সম্পর্কের সমীকরণগুলো বদলে যাচ্ছে। ইয়াশ-পারসা দুজনেই তাদের চরিত্রে অসাধারণ কাজ করেছেন। দর্শকদের জন্য এটি এক ঘণ্টার এক রিফ্রেশিং অভিজ্ঞতা হবে।
‘একসাথে আলাদা’ ফিল্মে পারসা প্রধান একটি চরিত্রে অভিনয় করলেও মুক্তির আগে বিস্তারিত কিছু বলতে নারাজ। অভিনেত্রী বলেন, ফিল্মে আমার চরিত্রটি নিয়ে আগেই কিছু বলা ঠিক হবে না। এটি দর্শকের জন্য চমক হয়েই থাক। তবে এতটুকু বলতে পারি, এই চরিত্রটি আমার আগের কাজগুলো থেকে বেশ আলাদা। গল্পটি রোমান্টিক কমেডি হলেও এর ভেতরে অনেক সূক্ষ্ম মানবিক অনুভূতি আছে। ইয়াশ আর আমি চেষ্টা করেছি পর্দায় সেই ম্যাজিকটা ফুটিয়ে তুলতে।
অভিনেতা ইয়াস রোহান বলেন, ‘একসাথে আলাদা’-এর স্ক্রিপ্টটা পড়ার সময়ই আমার মনে হয়েছে এটা আমাদের চারপাশের পরিচিত সব মানুষের গল্প। পোস্টার দেখে দর্শকরা যে আগ্রহ দেখাচ্ছেন আশা করছি সিনেমাটি মুক্তির পর সেই ভালোবাসা আরও বাড়বে।
প্রসঙ্গত, হইচইয়ে মূলত বড় দৈর্ঘ্যরে কনটেন্ট বা সিরিজ প্রচার করে আসছে। তবে প্ল্যাটফর্মটি নতুন বছরে দর্শকদের নতুন কনটেন্টের চমক দিতে উদ্যোগ নিয়েছে। এই বছর থেকে ১ ঘণ্টা ব্যাপ্তির সিনেমাও দেখতে পারবেন সবাই। সেই পরিকল্পনা অনুযায়ী ঈদুল ফিতরে অবমুক্ত হবে ‘একসাথে আলাদা’।
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, সবসময় আমাদের চেষ্টা থাকে দর্শককে নতুন এবং বৈচিত্র্যময় গল্পের স্বাদ দিতে। সেই ধারাবাহিকতায় ‘একসাথে আলাদা’ আমাদের বছরের অন্যতম একটি বিশেষ কাজ। আমার বিশ্বাস- সহজ-সরল অথচ গভীর আবেগের এই গল্পটি দর্শকের মনে এক আলাদা জায়গা করে নেবে।
সময়ের আলো/এসকে/