রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাংবাদিক সেলিম সানোয়ার পলাশ (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
পলাশ গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক দিনকাল পত্রিকার গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি এবং রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার প্রেমতলী প্রতিনিধি ছিলেন।
এছাড়াও গোদাগাড়ীর হরিণবিস্কা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন সাংবাদিক পলাশ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে শুক্রবার সন্ধ্যায় স্ট্রোকে আক্রান্ত হন সাংবাদিক পলাশ। এ সময় দ্রুত তাকে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়ি নেওয়া হয়।
আগামীকাল শনিবার তার মরদেহ দাফনের কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী উপজেলার সাংবাদিক মো. আবু তাহের জানান, সাংবাদিক পলাশ সংগঠক হিসেবে গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার মৃত্যুতে গোদাগাড়ীর সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে।
এফআর