আমেরিকান প্রবাসী রাশেকুর রহমান মালিককে বিয়ে করে সেখানে স্থায়ী হয়েছেন অভিনেত্রী রিচি সোলায়মান। প্রায় দেড় যুগ ধরে আমেরিকায় বসবাস করলেও সুযোগ পেলেই দেশে আসেন তিনি। কখনো নাটক-টেলিফিল্মের সংলাপ নিয়ে লাইট, ক্যামেরা ও অ্যাকশনে নিজেকে দাঁড় করান। এবার অভিনেত্রী হাজির হয়েছেন জীবনের কিছু অজানা তথ্য নিয়ে। স্বামী, সন্তান ও সংসার নিয়ে অনেক কথা বলেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকের দ্বিতীয় মৌসুমের অষ্টম পর্বে।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে রিচি সোলায়মান জানিয়েছেন, আমেরিকায় সব কাজ নিজেদেরই করতে হয়। এমনও হয়েছে, একসঙ্গে ৭০-৮০ জনের জন্য রান্না করি। ঈদের সময় ৬০-৬৫টি পরোটাও ভাজতে হয়। আনন্দ নিয়ে ওসব কাজ করি। আমার ডাকনাম মুন্নী। আমার হাতের চিকেন ডিশ অনেক জনপ্রিয় হওয়ায় মজা করে অনেকে আমাকে ‘মুরগি মুন্নী’ বলে ডাকে। সংসারজীবনের পাশাপাশি অভিনয়সংক্রান্ত বিষয়েও বলেছেন নানা কথা। জানিয়েছেন ব্যক্তিজীবনের কিছু তথ্য।
রিচি আরও জানান, কিছু দিন আগে স্বামী-সন্তানদের নিয়ে ওমরা হজ করতে গিয়েছিলেন এবং সেখানে একজন বিশেষ মানুষের জন্য মন খুলে দোয়া করেছেন তিনি। কে রিচি সোলায়মানের সেই বিশেষ মানুষ? জানা যাবে এই পডকাস্টে। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
এদিকে গতকাল ছিল রিচি সোলায়মানের জন্মদিন। নীলফামারী জেলায় তার জন্ম হলেও বড় হয়েছেন ঢাকায়। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক (বিবিএ) সম্পন্ন করেছেন। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে সংসারজীবন শুরু করেন তিনি। এক ছেলে ও এক মেয়ের জননী রিচি।
অভিনেত্রী বিয়ের পর থেকে সাধারণত আমেরিকায় জন্মদিন কাটালেও এবারে উদযাপন করছেন বাংলাদেশে। তবে দিনটি ঘিরে ছিল না কোনো বড় আয়োজন। বন্ধুবান্ধব ও কাছের মানুষদের পাশাপাশি ভক্ত অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, তিন দশকের অভিনয়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও সিনেমায় দেখা যায়নি রিচি সোলায়মানকে। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। রাজীব সালেহীনের পরিচালনায় একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রিচি।
এএডি/