বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমা ও ওয়েব ফিল্ম নির্মাণ করে দর্শকের নজর কেড়েছেন নির্মাতা রায়হান রাফী। আলোচিত বিভিন্ন অপরাধ ও হত্যাকাণ্ডকে পর্দায় তুলে ধরে তিনি ইতোমধ্যে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছেন। এবার তার লক্ষ্য দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায়- ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর হত্যাকাণ্ড।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফী জানান, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ দীর্ঘদিনের। তিনি বলেন, ‘এত বড় একটি ঘটনা, যেখানে একসঙ্গে এতজন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে- তা আমাদের ইতিহাসে বিরল। কিন্তু এখনো সেই ঘটনার অনেক দিক অজানা রয়ে গেছে। যদি পর্যাপ্ত ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়, তাহলে অবশ্যই এই ঘটনা নিয়ে কাজ করতে চাই।’
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৭৪ জন নিহত হন। এই ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল।
সত্য ঘটনা অবলম্বনে কাজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে বলেও জানান রাফী। তার ভাষ্য অনুযায়ী, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’-যা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নির্মিত- প্রথমে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞার মুখে পড়ে। পরে সরকার পরিবর্তনের পর সেটি মুক্তি পায়।
আরও পড়ুন
রাফী বলেন, ‘সত্য গল্প নিয়ে কাজ করতে সাহস লাগে। তবে এই সাহসটাই দরকার, যেন সমাজে একই ধরনের অন্যায় আর না ঘটে। আমার কাজের মূল উদ্দেশ্যও সেটাই- সচেতনতা তৈরি করা।’
বর্তমানে নির্মাতা ব্যস্ত রয়েছেন তার নতুন প্রযোজনা ‘প্রেশার কুকার’ নিয়ে। চারটি আলাদা গল্প নিয়ে নির্মিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। সিনেমাটি আসন্ন রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
এদিকে ভৌতিক ঘরানার নতুন সিনেমা ‘আন্ধার’-এর শুটিং ইতোমধ্যে শেষ করেছেন রাফী। নির্মাতার আশা, সিনেমাটি চলতি বছরেই দর্শকদের সামনে আসবে।
এএডি/