ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রবর্তিত ‘থ্রি জিরো’ ধারণা জাতীয়ভাবে অন্তর্বর্তী সরকার কতটুকু বাস্তবায়ন করেছে তা জনগণকে জানাতে সরকারের মেয়াদ শেষে শ্বেতপত্র প্রকাশ করা উচিত।
সোমবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক ‘ক্লিন এনার্জি’ দিবস-২০২৬ উদযাপনও সংযুক্ত ছিল।
তিনি বলেন, ‘থ্রি জিরোর (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ) যে আন্তর্জাতিক প্রচার চালানো হয়, জাতীয়ভাবে তার বাস্তবায়ন কতটুকু হয়েছে, সেটি দেশবাসী জানতে চায়।’
জাতিসংঘের সদস্যদেশ হিসেবে অন্তর্বর্তী সরকার ক্লিন এনার্জি দিবস পালন ও সচেতনতা বৃদ্ধিতে ব্যর্থ হয়েছে দাবি করে ইফতেখারুজ্জামান বলেন, ‘দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো মানুষ সচেতন হবে এবং রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্তরা কার্বন নিঃসরণ কমাতে সক্রিয় হবেন। এই দায়িত্ব পালন করতে ব্যর্থতা অত্যন্ত বিব্রতকর।’
তিনি সরকারের খসড়া জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (ইপিএসএমপি ২০২৫) সমালোচনা করে বলেন, পরিকল্পনা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল এবং নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের জন্য কোনো দিকনির্দেশনা নেই। এ বিষয়ে ইফতেখারুজ্জামান প্রশ্ন তোলেন, সরকার জাতীয় নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষায় কতটা গুরুত্ব দিয়েছে।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সাধারণ জনগণ ও অংশীজনদের মতামত নেওয়ার মধ্যে হয়নি।
শূন্য কার্বন নিঃসরণের ভিত্তি গড়ার মতো কাজ করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার সেই কাজে ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকার কোনো উদ্যোগ নিয়েছে কি না, যা নিয়ে পরবর্তী নির্বাচিত সরকার সেই কাজ এগিয়ে নিয়ে যেতে পারত! সেই সুযোগ কেন দেশের জনগণ হারাল, এই প্রশ্নের জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হবে।