গাজীপুরে তারেক রহমানের আগমন ঘিরে সাজসাজ রব

মিলটন খন্দকার, গাজীপুর

গাজীপুরে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় আজ (মঙ্গলবার) বিকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয়

2026-01-27T05:44:10+00:00
2026-01-27T05:44:10+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
গাজীপুরে তারেক রহমানের আগমন ঘিরে সাজসাজ রব
মিলটন খন্দকার, গাজীপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৪৪ এএম 
গাজীপুরে তারেক রহমানের আগমন ঘিরে সাজসাজ রব। ছবি : সংগৃহীত
গাজীপুরে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় আজ (মঙ্গলবার) বিকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজবাড়ী মাঠে তারেক রহমানের এই জনসভা ঘিরে গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। 

সুদীর্ঘ সময় পর তারেক রহমানের আগমন কেন্দ্র করে নেতাকর্মীরা ভীষণ উজ্জীবিত। তারা জানান, ২০ বছর ৯ মাস ২৮ দিন পর তারেক রহমান গাজীপুরে আসছেন। এর আগে সর্বশেষ ২০০৫ সালের ২৯ মার্চ তিনি গাজীপুরের জয়দেবপুরে শহিদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন তারেক রহমান। 

ওই প্রতিনিধি সভায় ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুরের ইউনিয়ন পর্যায়ের দুই সহস্রাধিক প্রতিনিধিসহ প্রায় তিন হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তখন তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব ছিলেন। বিএনপির তৎকালীন ছাত্রবিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন ছিলেন ওই প্রতিনিধি সভার সমন্বয়কারী। 

তারেক রহমানের জনসভা সফল করার জন্য এরই মধ্যে সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। 

সভাস্থল পরিদর্শনকালে নেতৃবৃন্দ মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। 

তারা জানান, জনসভাটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল করতে মহানগর বিএনপিকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে আলাদা শৃঙ্খলা, আপ্যায়ন, চিকিৎসাসহ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে গাজীপুরের টঙ্গীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের বাসভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা। এতে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। 

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় ভাষণ দেবেন। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের উন্নয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ। 

কৃষি, শিল্প, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচির বাস্তবায়ন নিয়ে গাজীপুরের জনসভায় তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠ বিএনপির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের স্মৃতিবিজড়িত এই স্থানে জনসভা আয়োজন দলীয় ঐতিহ্য ও ধারাবাহিকতার প্রতীক।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ডা. মাজহারুল আলম বলেন, তারেক রহমানের বাল্য স্মৃতিবিজড়িত এই রাজবাড়ী মাঠ। এই গাজীপুরের রাজবাড়ী মাঠের চারিদিকে থাকা লিচু গাছের লিচু তিনি খেয়েছেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন গাজীপুরে ছিলেন তখন আমাদের চেয়ারম্যান তারেক রহমান ছোট ছিলেন। সে সময় তিনি পরিবারের সঙ্গে গাজীপুরে থেকেছেন। এত বছর পরে আমাদের নেতা তারেক রহমান গাজীপুরে আসছেন, সে জন্য গাজীপুরের নেতাকর্মী ও সাধারণ জনগণ অনুপ্রাণিত।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সওকত হোসেন সরকার বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। গাজীপুরের ৫টি আসনের নির্বাচন উপলক্ষে আজকের এই জনসভা। এই জনসভা কেন্দ্র করে জেলা ও মহানগরের সর্বত্র একটি জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি আমাদের এই শহরের প্রাণকেন্দ্রে রাজবাড়ী ময়দানে ২ লাখের অধিক লোকের সমাগম হবে। এ জন্য আমাদের প্রস্তুতি ইতিমধ্যে শৃঙ্খলা কমিটি, ব্যবস্থাপনা কমিটি, আপ্যায়ন কমিটিসহ একটি মেডিকেল টিমের ব্যবস্থা করেছি। 

এ ছাড়া তারেক রহমান যে রাস্তা দিয়ে প্রবেশ করবেন সে রাস্তাটি ক্লিয়ার রাখার জন্য আমাদের দলীয় ভলানটিয়ার এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছি। এ ছাড়া অন্যান্য উপজেলা এবং ইউনিট থেকে আমাদের যে নেতাকর্মীরা আসবেন সে জন্য বিকল্প রাস্তা নির্ধারণ করা হয়েছে। নিজস্ব ভলানটিয়ার দিয়ে সেগুলো ব্যবস্থা রেখেছি যাতে কোনো রাস্তায় যেন যানজটের সৃষ্টি না হয়। আমরা আশা করছি একটি সুশৃঙ্খলা জনসভা করতে পারব।

রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত ভাওয়াল রাজবাড়ী মাঠ পরিদর্শনে ছিলেন— ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননি, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শহিদুজ্জামান, আহমদ আলী রুশদি, মেট্রো সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফম মোফাজ্জল হোসেন, মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এফআর


  বিষয়:   গাজীপুর  তারেক রহমান  আগমন ঘিরে  সাজসাজ রব 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: