কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর পুনরায় চালু হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী এবং ভৈরব-ময়মনসিংহ রেলপথে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
ভৈরব রেলস্টেশনের কাছে গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেইল (২ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকাজ পরিচালনার জন্য আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন আজ সকাল পৌনে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর রেললাইন চলাচলের উপযোগী করে তোলা হয়।
ভৈরব স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেইল (২ডাউন) ট্রেনটি ভৈরব অতিক্রম করার সময় রাত তিনটার দিকে স্টেশনের কাছে একটি বগি লাইনচ্যুত হয়। এর পর রাত তিনটার পর থেকে কোনো ট্রেন ভৈরব স্টেশন অতিক্রম করতে পারেনি। এতে ঢাকাগামী আন্তঃনগর পারাবত, আন্তঃনগর উপবন, তিতাস কমিউটারসহ কয়েকটি মেইল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।
এ ছাড়া ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ভৈরব স্টেশনে আটকে যায়। ফলে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করে।
দুর্ঘটনার প্রায় পৌনে পাঁচ ঘণ্টা পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। দুপুর সোয়া ১২টার দিকে উদ্ধারকাজ সম্পন্ন হয় এবং দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব স্টেশনের স্টেশনমাস্টার মো. ইউসুফ জানান, বিভিন্ন স্টেশনে গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রেন দীর্ঘ সময় ধরে আটকে ছিল। পর্যায়ক্রমে সব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। তবে প্রতিটি ট্রেনকে কয়েক ঘণ্টা করে যাত্রাবিলম্বের মুখে পড়তে হবে।
/ইউএমএইচ