প্রতি বছরের মতো এ বছরও বগুড়ার সারিয়াকান্দিতে বিনা চাষে সরিষার আবাদ হয়েছে। অফ সিজনে পতিত জমিতে বাড়তি ফসল ঘরে তুলতে প্রস্তুত কৃষক। বাজারে ভালো দামের খবরে তাদের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া ভালো থাকায় ভালো হয়েছে ফলন। বগুড়ার সারিয়াকান্দির বেশ কিছু জমিতে কৃষকরা শুধু দুটি সিজনে ধানের ফসল ফলান। এগুলো হলো বোরো মৌসুম এবং আমন মৌসুম। এ দুই ফসলের মধ্যবর্তী সময়ে প্রায় তিন মাস ফসলি জমিগুলো প্রায় পতিত হয়ে থাকে।
গত কয়েক বছর ধরেই কৃষকরা এসব জমিগুলো পতিত না রেখে সরিষার আবাদ করছেন। এ ফসল চাষের মাধ্যমে তারা বাড়তি ফসল ঘরে তুলছেন। এতে তারা বেশ লাভবান হচ্ছেন। সাধারণত কৃষকরা জমিতে বিনা চাষেই সরিষার আবাদ করেছেন।
এতে এ ফসল চাষে তাদের খরচ খুবই কম হচ্ছে। কেউ কেউ জমিতে দুয়েকটি চাষ দিয়েও সরিষার আবাদ করেছেন। গত কয়েক দিন আগে বপন করা সরিষার গাছগুলো বেশ বড় হয়ে তাতে সরিষা ধরেছে। দানাও বেশ ভালো হয়েছে। অল্প কয়েক দিনের মধ্যেই যা পরিপক্ব হবে। কয়েক দিনের মধ্যেই কৃষকরা এসব পরিপক্ব সরিষা জমি থেকে উত্তোলন করে মাড়াই করতে ব্যস্ত সময় পার করবেন। এদিকে বাজারে প্রতি মণ সরিষা ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার নারচী ইউনিয়নের টিওর পাড়া গ্রামের কৃষক জুল্লু মিয়া (৫৫) বলেন, গত বছর তিন বিঘা জমিতে সরিষার আবাদ করে ১৮ মণ সরিষা পেয়েছিলাম। যা বাজারে ভালো দামে বিক্রি করে বেশ লাভবান হয়েছিলাম। এ বছরও চার বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। আল্লাহর রহমতে বেশ ভালো ফলন হয়েছে। সরিষাগুলো পরিপক্ব হওয়া শুরু করেছে। কয়েক দিনের মধ্যেই সরিষা জমি থেকে উত্তোলন করা শুরু করব।
সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত বছর এ উপজেলায় ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৫০০ হেক্টর। যার বিপরীতে ৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে উৎপন্ন হয়েছে। গত বছর উপজেলায় হেক্টরপ্রতি ১.৬ মেট্রিকটন সরিষা উৎপাদন হয়েছিল। এটি সাধারণত বপনের ৮০ থেকে ৮৫ দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায়।
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী গত কয়েক বছর ধরেই কৃষকরা বিনা চাষে সরিষার আবাদ করে লাভবান হচ্ছেন। সরিষা থেকে একদিকে যেমন তৈল এবং খৈল পাওয়া যায় অন্যদিকে শুকনো উদ্ভিদ কৃষকরা জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। যা মানুষ এবং অন্যান্য প্রাণীর খাবারসহ বিভিন্ন কাজে ব্যবহার হয়।
সময়ের আলো/এনএ