আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের গ্রুপ ও ভেন্যু পরিবর্তনের প্রস্তাব শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভেন্যুতে ম্যাচ খেলতে অনিচ্ছা জানিয়ে বাংলাদেশ ‘বি’ গ্রুপে চলে যাওয়ার আবেদন করেছিল, যাতে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় খেলতে পারে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ছাড়াও আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা এই প্রস্তাবে সম্মতি দেয়নি।
গ্রুপ পরিবর্তনের বিষয়ে আয়ারল্যান্ডের অনড় অবস্থানের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন দেশটির প্রধান কোচ হেইনরিখ মালান। তিনি জানান, বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ীই দল প্রস্তুতি নিচ্ছে এবং হঠাৎ পরিবর্তন তাদের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন
মালান বলেন, ‘আমরা আগে থেকেই যে সূচি পেয়েছি সেটির ভিত্তিতেই প্রস্তুতি নিচ্ছি। শ্রীলঙ্কার কন্ডিশনে মানিয়ে নেওয়ার সক্ষমতাকে আমরা বড় শক্তি হিসেবে দেখছি। সেখানে গিয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী স্বাধীনভাবে খেলাই আমাদের মূল লক্ষ্য।’
বাংলাদেশের আবেদন নাকচ হওয়ায় টুর্নামেন্টের গ্রুপ বিন্যাসে পরিবর্তন আসে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্বে।
এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সূচি ও ভেন্যু অনুযায়ীই বিশ্বকাপ আয়োজনের পথে এগোচ্ছে আইসিসি, আর অংশগ্রহণকারী দলগুলোও তাদের প্রস্তুতি অব্যাহত রেখেছে।
এএডি/