কুমিল্লার বরুড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. রবিউল (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের জয়নাল ডাক্তারের ছেলে কবিরের সঙ্গে রবিউলের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। পূর্ববিরোধের জেরে আজ দুপুরে রবিউলের নিজ বাড়ি ও শফিকের চায়ের দোকানের সামনের এলাকায় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রবিউল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
আরআর