গানের সংগঠন জলতরঙ্গ ‘গান গেয়ে পরিচয়’ শীর্ষক সংগীত সন্ধ্যার আয়োজন করছে। অনুষ্ঠানে জলতরঙ্গের শিল্পীরা বাংলা চলচ্চিত্রের গানের বিভিন্ন তথ্যসহ ধারাবাহিকভাবে একুশটি গান পরিবেশন করবেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আয়োজনটি অনুষ্ঠিত হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বাংলাদেশের চলচ্চিত্রের কালজয়ী গানের সাথে জড়িয়ে আছে কিংবদন্তি সব গীতিকার, সুরকার, শিল্পী ও বাদ্যযন্ত্রী। তাদের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে জলতরঙ্গের। এ বছর বাংলাদেশের চলচ্চিত্র পা দিয়েছে তার সাত দশকে। দীর্ঘ সত্তর বছরের পথ পরিক্রমায় সংগীতের নানাবিধ রূপান্তর ঘটেছে। ষাট, সত্তর ও আশির দশকের যে 'সোনালি যুগ' তা বাংলাদেশের চলচ্চিত্রের এক অমূল্য সম্পদ।
জলতরঙ্গ প্রত্যাশা করে, সোনালি যুগের মতোই এখনকার গানগুলোও সেই আবেদন তৈরি করুক। প্রযুক্তির ইতিবাচক কল্যাণে তা সত্যিকার অর্থেই উৎকর্ষ লাভ করুক।
অনুষ্ঠানে একক, দ্বৈত ও সমবেত কন্ঠে 'পিচঢালা এই পথটারে', 'দুটি পাখি একটি ছোট্ট নীড়ে', 'ডাকে পাখি খোলো আঁখি', 'আবার এলো যে সন্ধ্যা', 'আমার বুকের মধ্যখানে', 'আকাশের হাতে আছে একরাশ নীল', 'পাখির বাসার মতো দুটি চোখ তোমার', 'মানুষ ধর মানুষ ভজ'সহ কালোত্তীর্ণ ২১টি গান পরিবেশন করা হবে।
সংগীত পরিচালনায় থাকবেন জলতরঙ্গের সাধারণ সম্পাদক জাকির হোসেন তপন।
সময়ের আলো/আআ