তোমাকে যা বলি সেটাই শেষ কথা নয়।
কথার পরেও থাকে উন্মুক্ত ভাষার প্রান্তর।
শব্দের ঝাঁকুনি কিংবা নিঃশব্দের নরম বয়ান।
ফাঁকা মাঠ, ফোঁপানো কান্না, দলিত ঘাস আর সাদাফুলের শতবর্ষী বাঁশের বন।
যেখানে লুকানো তোমার মন।
এক অচেনা জগৎ।
অচেনাই পুরোটা।
যা কিছু গোপন রেখেছ এখনও যত্নে।
তোমাকে যা বলি সেসব কথার পরে, সারি সারি সাজানো থাকে তুমি যা বল নাই সেসব কথা।
জানতে চাইলে বেয়ে পড়ে ঘাম। মেয়ে তোমার নাম?
তোমাকে যা বলি সেটাই প্রথম কথা নয়। কথার আগেও থাকে প্রস্তুতির গাঢ় আন্দোলন।
চেষ্টা। তারপর হয়তো বর্ণ আর ধ্বনি শানিত হতে হতে বেজে উঠবে এক ব্যথিত বাক্য—
তোমাকে ভালোবাসি হিজলের মতো।
ফুল ঝরার আগেও কথা থাকে।
থাকে ফুল ফোটার আগেও।
তারও আগে থাকে তোমার গোপন রাখা নাম।
সে নাম একদিন গোপন বাক্স থেকে মুক্তি পেলে আহত হয় পৃথিবীর মন।
তারচেয়ে বরং, নাম-পরিচয় গোপন রাখাই শ্রেয়।
গোপন মেয়ের নাম রেখে দিই— অস্বর্যা।
এফআর