কালান্তক অগ্নিতে পোড়ে শয়নমন্দির
অগ্নিতাপে পিতার স্বপ্ন গলে
মায়ের চোখে বিরজা নদী
কারও লোভে জ্বলে যায় প্রিয় শরীর।
অগ্নিশিখায় ভেসে যায় আশ্রম
খোলা আকাশের নিচে শিশুর চিৎকার
খঞ্জন পাখির মতো আসে
নিউমোনিয়া
ক্লান্ত চোখে ইনসোমনিয়া।
দাউদাউ জ্বলে লেলিহান শিখা
করপোরেট জিহ্বা গিলে খায় মাথা গোঁজার ঠাঁই
বরুণ নীরবে সয়ে যায় অগ্নির ভ্রুকুটি
গোলকে বসে মন্ত্রণাসভা।
শূদ্রের যন্ত্রণায় দেবতার টনক নড়ে না
শূদ্র কি আর মানুষ?
শূদ্রের স্থান এ নগরে হবে না,
রাস্তায় হবে না, মাঠেও হবে না।
আগুন জ্বলে রোজ এ নগরে
শ্যামশরীরে বিরহতাপ
রাধা কি সব খবর রাখে?
এফআর