একটি দল ভোটের জন্য জান্নাতের টিকিট দেওয়ার মতো শিরকি কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে শৈলকূপা উপজেলার লক্ষনদিয়া গ্রামে নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান বলেন, দলটির নারী কর্মীরা কোরআন শরীফ হাতে নিয়ে তালিম করার নামে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন কোথাও তারা বলছেন। এ রকম শিরকি কথাবার্তা বলে ভোট পাওয়া যাবে না। এ ধরনের প্রতিশ্রুতি নির্বাচনি আচরণবিধি ও আইনের লঙ্ঘন।
এর আগে উপজেলার মীনগ্রাম ও আবাইপুরসহ বিভিন্ন গ্রামে নির্বাচনি পথসভা করেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান।
পথসভায় শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এফআর