আট ঘণ্টার বেশি কাজ না করার শর্তে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রথমে বাদ পড়েন সন্দীপ রেড্ডী ভাঙ্গা পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘স্পিরিট’ থেকে। এদিকে দীপিকার পারিশ্রমিক বাড়ানোর দাবিতেও নির্মাতাদের সঙ্গে মতবিরোধ বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত ওই ছবিতে দীপিকার পরিবর্তে নেওয়া হয় তৃপ্তি দিমরীকে। এবার একই পরিস্থিতি তৈরি হয়েছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল ঘিরেও। তবে শোনা যাচ্ছে, সিকুয়েলে তার জায়গায় দেখা যেতে পারে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি- কাজের ক্ষেত্রে ‘দায়বদ্ধতার অভাব’ এবং শুটিং সময়সূচি নিয়ে জটিলতার কারণেই দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ছবিটির জন্য তিনি প্রায় ২০ দিনের শুটিংও সম্পন্ন করেছিলেন কিন্তু কাজ শুরুর পরই মতবিরোধ চরমে পৌঁছায়।
সূত্র আরও জানায়, দীপিকা দিনে সর্বোচ্চ ৭-৮ ঘণ্টা কাজ করার শর্ত দেওয়ার পাশাপাশি তার পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর দাবি জানান। এরপরই নির্মাতারা আনুষ্ঠানিকভাবে তাকে প্রকল্প থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা ৮ ঘণ্টা কাজ করা প্রসঙ্গে জানান, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য দিনে আট ঘণ্টা কাজ যথেষ্ট। আপনি যদি সুস্থ থাকেন তবেই আপনি আপনার সেরাটা দিতে পারবেন। একজন ক্লান্ত ব্যক্তিকে দিয়ে কখনোই কাজ করাতে পারবেন না। অতিরিক্ত সময় কাজ করাকে আমাদের জীবনে একটি স্বাভাবিক অঙ্গ বলে ভেবে নিয়েছি।
আমরা যখন ভীষণ ক্লান্ত হয়ে যাই তখন সেটাকে প্রতিশ্রুতিবদ্ধ বলে ভুল করি। আমি আমার নিজের অফিসে সোমবার থেকে শুক্রবার আট ঘণ্টা কাজ করি। আমাদের পিতৃত্ব এবং মাতৃত্ব দুটি বিষয়কেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। শিশুদের কর্মক্ষেত্রে আনার বিষয়টিকেও স্বাভাবিক করে তোলা উচিত ভারতবর্ষে।
নানা গুঞ্জন শোনা গেলেও এখনও এ বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্ট অভিনেত্রীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। উল্লেখ্য, শুরুতে এই চরিত্রে আলিয়া ভাটের নামও শোনা গেলেও, বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাই পল্লবী।
এএডি/