পঞ্চগড়ের বোদা উপজেলায় রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ধরধরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে ধরধরা গ্রামে রেললাইনের ওপর এক ব্যক্তির দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে কোন ট্রেনে বা কখন এই দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, রেললাইনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। যেহেতু এটি রেলওয়ের আওতাধীন এলাকা, তাই রেলওয়ে (জিআরপি) পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য আশপাশের এলাকায় বার্তা পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
সময়ের আলো/আআ