জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী তানিয়া রব বলেছেন, জনগণের ভালোবাসা ও সমর্থন দায়িত্ববোধকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে এলাকার প্রকৃত সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধান এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করতে চান।
রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খন্দকার বাড়িতে, ৪ নম্বর ওয়ার্ডের কমর উদ্দিন বাড়িতে, ৩ নম্বর ওয়ার্ডের মনু কাটনিদের দরজায়, ৭ নম্বর ওয়ার্ডের খান বাড়িতে, ০৮ নম্বর ওয়ার্ডের ফকির বাড়িতে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক এবং ইউনিয়নের পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগে অংশ নিয়ে তানিয়া রব এ সব কথা বলেন। উঠান বৈঠকে তানিয়া রব নারী-পুরুষ সকল ভোটারদের ভোট ও সমর্থন কামনা করে এলাকায় জনগণের দুঃখ-দুর্দশার পাশে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জেএসডির তারা প্রতীকের এই প্রার্থী বলেন, উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়ে ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে তিনি নির্বাচনী এলাকার কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। জনগণের কথা শোনা, প্রকৃত সমস্যার কার্যকর সমাধান এবং ন্যায্য অধিকার নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য। এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করতে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনী প্রচার ও গণসংযোগ কার্যক্রমে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেও সন্তোষ প্রকাশ করেন তানিয়া রব।
প্রচার কার্যক্রমে জনগণের উপস্থিতি, ভালোবাসা ও সহযোগিতার জন্য তানিয়া রব এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তার মতে, মানুষের এই ব্যাপক সাড়া একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী নির্বাচনী এলাকার প্রত্যাশাকে আরও দৃঢ় করেছে।
উঠান বৈঠকে এবং গণসংযোগে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আব্দুল্লাহ, উপজেলা জেএসডি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন, লোকমান হোসেন বাবলু, আব্দুল্লাহ আল নোমান, আলেকজান্ডার ইউনিয়ন জেএসডির সাধারণ সম্পাদক মো. হাসান মাস্টারসহ ইউনিয়ন জেএসডির বিভিন্ন ওয়ার্ডের নেতারা।
সময়ের আলো/এসকে/