জানুয়ারিতে নির্বাচনী সহিংসতা বেড়েছে ৯ গুণ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে মাত্র এক মাসের ব্যবধানে নির্বাচনী সহিংসতা প্রায় নয় গুণ বৃদ্ধি পেয়েছে। গত ডিসেম্বরে

2026-02-01T08:41:08+00:00
2026-02-01T08:41:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জানুয়ারিতে নির্বাচনী সহিংসতা বেড়েছে ৯ গুণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪১ এএম 
এক মাসের ব্যবধানে নির্বাচনী সহিংসতা প্রায় নয় গুণ বৃদ্ধি পেয়েছে। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে মাত্র এক মাসের ব্যবধানে নির্বাচনী সহিংসতা প্রায় নয় গুণ বৃদ্ধি পেয়েছে। গত ডিসেম্বরে যেখানে ৭টি নির্বাচনী সহিংসতার ঘটনায় ৯৭ জন আহত এবং একজন নিহত হন, সেখানে জানুয়ারিতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ওই মাসে ৬৪টি সহিংস ঘটনায় আহত হয়েছেন ৫০৯ জন এবং নিহত হয়েছেন চারজন।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন : জানুয়ারি ২০২৬’ থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্রও তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত ৬৪টি সহিংস ঘটনায় ৫০৯ জন সহিংসতার শিকার হন, যার মধ্যে চারজন প্রাণ হারান। এ ছাড়া চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির একটি সমাবেশে অসুস্থ হয়ে সাইদুল ইসলাম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়।

নির্বাচনী সহিংসতায় নিহতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের ধোবাউড়ার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলাম। শেরপুরের শ্রীবরদী উপজেলায় জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি রেজাউল করিমকে ইট দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ ছাড়া কিশোরগঞ্জ-২ আসনের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. কামাল উদ্দিন (৫৫) সন্ত্রাসী হামলায় নিহত হন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আজাহর (৪৫) নিহত হন।

গণমাধ্যমে প্রকাশিত এবং এমএসএফ সংগ্রহ করা তথ্য অনুযায়ী, জানুয়ারিতে সংঘটিত ৬৪টি সহিংস ঘটনার মধ্যে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে ১৩টি, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৯টি, গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে একটি, বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে ৩৩টি এবং বিএনপি ও এনসিপির মধ্যে একটি ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে ছয়টিতে নির্বাচনী প্রচারণায় হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এমএসএফ জানায়, ডিসেম্বর ও জানুয়ারি মাসের তুলনামূলক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারিতে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি আরও জটিল, সহিংস ও উদ্বেগজনক হয়ে ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রেপ্তারের সংখ্যা ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে কমলেও, সরকার পতনের পর সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় শেখ হাসিনা সংশ্লিষ্ট মামলাগুলোতে আসামির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে।

বিশেষ করে এসব মামলায় নাম উল্লেখ করা আসামির সংখ্যা ৩০ থেকে বেড়ে ১২০ এবং অজ্ঞাতনামা আসামির সংখ্যা ১১০ থেকে বৃদ্ধি পেয়ে ৩২০-এ দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রবণতা আইনগত প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে এবং রাজনৈতিক প্রতিহিংসা ও গণমামলার আশঙ্কা বাড়াচ্ছে।


প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা লাশ উদ্ধারের সংখ্যা বৃদ্ধি সমাজে সহিংসতা, গুম এবং বিচারবহির্ভূত হত্যার আশঙ্কাকে আরও জোরালো করছে। জানুয়ারি মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনাও বেড়েছে।

নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা জানুয়ারিতে অন্যতম ভয়াবহ মানবাধিকার সংকট হিসেবে চিহ্নিত হয়েছে। এ সময়ে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণ ও হত্যার পাশাপাশি শারীরিক নির্যাতন ও আত্মহত্যার ঘটনাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা সামাজিক নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার গভীর সংকটের ইঙ্গিত দেয়। জানুয়ারিতে ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৪টি, সংঘবদ্ধ ধর্ষণ ১১টি এবং ধর্ষণ ও হত্যা ৩টি। এসব ঘটনায় পাঁচজন প্রতিবন্ধী কিশোরী ও নারী ধর্ষণের শিকার হয়েছেন।

এ ছাড়া গণপিটুনির ঘটনায় জানুয়ারিতে নিহত ও আহতের সংখ্যা বৃদ্ধিকে আইনের শাসনের প্রতি জনগণের আস্থাহীনতা এবং প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে এমএসএফ।


/ইউএমএইচ 




  বিষয়:   নির্বাচনী সহিংসতা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: