বিএনপি জনগণের কাছে একটি পরীক্ষিত দেশপ্রেমিক দল বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে দলটির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দাউদকান্দি পৌর সদরের তুজারভাঙ্গা এলাকায় গণসংযোগ শেষে এক পথসভায় এ কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, মানুষ সেই দলের ওপরই ভরসা করে, যারা অতীতে পরীক্ষিত। বিএনপির দেশ পরিচালনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। অতীতে ক্ষমতায় থাকাকালে দেশ ও জনগণের উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছে বিএনপি। এমনকি দলটি যখনই ক্ষমতায় ছিল, মানুষ সুখ-স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ছিল। তাই মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। আমার দৃঢ় আশাবাদ, আগামী নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করবে।
এসময় আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন।
এফআর