দেশীয় বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার বহরে নতুন করে আরও তিনটি উড়োজাহাজ যুক্ত হচ্ছে বলে জানা গেছে। এর মাধ্যমে দেশীয় ফ্লাইট সংখ্যা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক রুটে প্রবেশের পরিকল্পনা করছে এ বিমান সংস্থাটি।
জানা গেছে, এয়ার অ্যাস্ট্রার বহরে নতুন করে যুক্ত হতে যাওয়া ATR-72 600 মডেলের তিনটি উড়োজাহাজ লিজের ভিত্তিতে সংগ্রহ করা হবে। নতুন বিমান যুক্ত হলে সংস্থাটি প্রথমে ডোমেস্টিক রুটে ফ্লাইট পরিচালনা ও সংখ্যা বৃদ্ধি করবে।
অক্টোবর থেকেই এয়ারলাইন্সটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বলে জানা গেছে।
এ পরিকল্পনায় বিমান সংস্থাটি প্রাথমিকভাবে আন্তর্জাতিক গন্তব্য হিসেবে নেপালের কাঠমান্ডু ও পোখারা রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া নতুন উড়োজাহাজ পাওয়ার পর ধাপে ধাপে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে লিজের মাধ্যমে নতুন বিমান হাতে পাওয়ার পর নেপাল ছাড়াও কুয়ালালামপুর, ব্যাংকক ও সিঙ্গাপুর রুটে ফ্লাইট চালু করার উদ্যোগ নেবে বলে জানিয়েছে এ বেসরকারি বিমান সংস্থাটি।
এয়ার অ্যাস্ট্রার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশীয় বিমান চলাচল খাতে প্রতিযোগিতা বাড়বে এবং আন্তর্জাতিক যাত্রী পরিবহনেও নতুন একটি দেশীয় সংস্থার অংশগ্রহণ নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সময়ের আলো/কেএইচও