অবশেষে কলকাতার সুপারস্টার দেবের বিপরীতে কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এর আগে দেবের ‘প্রজাপতি ২’ সিনেমাতেও কাজ করার কথা ছিল ফারিণের কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তবে এবার অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত নতুন সিনেমায় দেবের বিপরীতে কাজ করতে যাচ্ছেন তিনি। এ নিয়ে কথা চলছে। একটি সূত্র তা নিশ্চিত করেছে। তবে ফারিণ এ ব্যাপারে কিছু বলতে নারাজ এ মুহূর্তে।
এ প্রসঙ্গে তিনি জানান, কলকাতায় কাজ করার ইচ্ছা আছে। অনেক প্রস্তাব চলছে, তবে কোনো কিছু নিশ্চিত হওয়ার আগে তা প্রকাশ করতে ভয় লাগে। এর আগের একটি ঘটনা দারুণ শিক্ষা দিয়েছে। কোনো প্রজেক্ট বাতিল হলে তাদের কষ্ট দিতে চান না। তাই চূড়ান্ত কিছু হওয়ার আগে এ নিয়ে মন্তব্য না করাই ভালো।
উল্লেখ্য, ২০২২ সালে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ চলচ্চিত্রের মাধ্যমে কলকাতার টলিউডে অভিষেক ঘটে ফারিণের। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা অর্জন করেন। এরপর তিনি ‘প্যাট্রি চাই’ নামের অন্য একটি কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হলেও, পরবর্তী সময়ে তা থেকে সরে আসেন।
এদিকে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করছেন তাসনিয়া ফারিণ। ‘প্রিন্স : ওয়ান্স আপন অ্যা টাইম’ সিনেমায় নব্বই দশকের গ্যাংস্টারের গল্পে তাদের জুটি হিসেবে দেখা যাবে। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে উপস্থিত থাকবেন ফারিণ। শ্রীলঙ্কায় ছবিটির শুটিং সম্পন্ন করেছেন তিনি।
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে ফারিণ বলেন, তারকা অভিনেতার বিপরীতে অভিনয় করা অবশ্যই বড় চ্যালেঞ্জ। তবে আমি চরিত্রের গুরুত্ব এবং অভিনয়ে নতুনত্ব কেমন পাচ্ছি, তা দেখেই রাজি হয়েছি। সিনেমায় আমার চরিত্রটি গ্ল্যামারাস এবং বিনোদনধর্মী হিসেবে। নব্বই দশক উঠে আসবে এই সিনেমায়। অথচ আমি ওই সময়ে জন্মাইনি। তা ছাড়া প্রত্যেক দৃশ্যে আমার চরিত্রটি বদলাতে বদলাতে এগোবে। ‘প্রিন্স’ সিনেমায় ফারিণকে অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
সময়রে আলো/আআ