প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৪ এএম
দক্ষিণ সিনেমার নায়িকা শ্রীলীলা। সংগৃহীত ছবি সুপারস্টার ধানুশের সঙ্গে এবার জুটি বাঁধছেন দক্ষিণ সিনেমার হার্টথ্রব নায়িকা শ্রীলীলা। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ডি ৫৫’ সিনেমাতে দেখা যাবে এই জুটিকে। কয়েক সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়ার পর গুঞ্জন ছিল এতে ধানুশের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণের আরেক জনপ্রিয় নায়িকা সাই পল্লবী। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় নির্মাতা দল নিশ্চিত করেছে, এই সিনেমায় ধানুশের সঙ্গে প্রধান নারী চরিত্রে দেখা যাবে শ্রীলীলাকেই।
ধানুশ নিজেও তার প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার স্টুডিওর ব্যানারে নির্মিত এই সিনেমায় শ্রীলীলাকে স্বাগত জানিয়েছেন। ঘোষণাটি প্রকাশ করে নির্মাতারা লেখেন, এটা আপনি ভাবেননি। ‘ডি ৫৫’ সিনেমায় স্বাগত ঝলমলে শ্রীলীলাকে। অ্যাকশনধর্মী এই সিনেমায় অভিনেতা মামুট্টির যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
শ্রীলীলা সম্প্রতি তামিল সিনেমায় অভিষেক হয়েছেন ‘পরশক্তি’ মাধ্যমে। সুধা কঙ্গারা পরিচালিত এই রাজনৈতিক পটভূমির সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন শিবকার্তিকেয়ন ও রবি মোহন। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অথর্ব মুরালি। এ ছাড়া এই নায়িকা বর্তমানে অপেক্ষায় আছেন তার বলিউড অভিষেকেরও। কার্তিক আরিয়ানের সঙ্গে তাকে দেখা যাবে ‘তু মেরি জিন্দেগি’তে। অনুরাগ বসুর ছবিটি মূলত ‘আশিকি’র তৃতীয় কিস্তি হিসেবে নির্মিত হচ্ছে। এরই মধ্যে ধানুশের সঙ্গে বড়পর্দায় তার জুটি বাঁধার খবরটিতে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত।
সিনেমাটি নিয়ে নির্মাতারা আরও জানান, সিনেমাটির গান ও আবহসংগীত পরিচালনা করবেন সাই অভ্যঙ্কর। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন ধানুশ, শ্রীলীলা, সুরকার সাই অভ্যঙ্কর এবং নির্মাতা রাজকুমার পেরিয়াসামি।
ধানুশ অভিনীত অ্যাকশন থ্রিলার ‘কারা’ সিনেমাটি চলতি বছরই মুক্তির সম্ভাবনা রয়েছে। ‘পর থোজিল’ খ্যাত নির্মাতা ভিগনেশ রাজা পরিচালিত এই সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন মামিতা বাজু। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন করুনাস, জয়রাম, সুরাজ ভেঞ্জারামুদু প্রমুখ।
প্রসঙ্গত, ধানুশকে সবশেষ দেখা গেছে হিন্দি ভাষার চলচ্চিত্র ‘তেরে ইশক মে’। আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমায় শঙ্কর চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিটি চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়।
সময়রে আলো/আআ