দীর্ঘ পাঁচ বছর পর আবার অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ব্যক্তিজীবনের নানা বিতর্ক ও আইনি জটিলতা কাটিয়ে তিনি পেশাদার জগতে নতুন অধ্যায় শুরু করছেন। এবার বড় পর্দা নয়, বরং ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে তাকে। নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’-এর মাধ্যমে এই প্রত্যাবর্তন ঘটছে রিয়ার।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিরিজটির ঘোষণা ও ট্রেলার প্রকাশ করে নেটফ্লিক্স। এতে রিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা অনিল কাপুর ও বিজয় ভার্মা।
আরও পড়ুন
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে গোটা দেশে তোলপাড় সৃষ্টি হয়। ওই ঘটনার পর বিভিন্ন তদন্ত ও মাদক সংশ্লিষ্ট মামলায় জড়িয়ে পড়ে দীর্ঘ সময় জনচক্ষুর আড়ালে থাকতে হয় রিয়াকে। এক পর্যায়ে তাকে কারাবাসও করতে হয়।
সুশান্তের মৃত্যুর আগে মুক্তি পাওয়া ‘চেহরে’ সিনেমার পর আর কোনো নতুন প্রজেক্টে দেখা যায়নি তাকে। দীর্ঘ বিরতির পর অবশেষে অভিনয়ে ফেরায় রিয়ার এই নতুন যাত্রা নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ছে। অনেকেই মন্তব্য করেছেন, কঠিন সময় পার করে আবার পর্দায় ফেরা রিয়ার জন্য একটি সাহসী পদক্ষেপ। আবার কেউ কেউ মনে করছেন, তার প্রত্যাবর্তন আরও আগেই হওয়া উচিত ছিল।
সব মিলিয়ে, ওটিটি প্ল্যাটফর্মে রিয়া চক্রবর্তীর এই নতুন ইনিংস দর্শকমহলে কৌতূহল ও প্রত্যাশা তৈরি করেছে।
এএডি/