‘পোস্ত’র হিন্দি সংস্করণ ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ সিনেমার মধ্য দিয়ে বলিউউে অভিষেক হয় কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর। এবার ক্যারিয়ারের দ্বিতীয় বলিউড সিনেমা নিয়ে আসছেন তিনি। রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে সাইফ আলী খানের সঙ্গী হয়েছেন মিমি।
সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক টিজার প্রকাশিত হয়েছে। ১ মিনিট ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যরে এ ভিডিওতে ভিন্ন লুকে ধরা দিয়েছেন মিমি চক্রবর্তী। ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করছেন সাইফ আলী খান। আর মিমিকে দেখা যাবে এক বঙ্গললনার ভূমিকায়।
টিজারে দেখা যায়, সাইফ আলী খানের বক্তব্য শুনে হাততালি দিচ্ছেন মিমি। এ অভিনেত্রীর পরনে আটপৌরে শাড়ি, গায়ে জড়ানো শাল। মিমিকে যে একেবারে অন্যরকম ভূমিকায় দেখতে পাবেন দর্শক, তা নিশ্চিত।
ভারতের প্রথম জাতীয় নির্বাচনের পটভূমি নিয়ে গড়ে উঠেছে ‘হাম হিন্দুস্তানি’ সিনেমার কাহিনি। এই নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা একদল সরকারি কর্মকর্তার গল্প তুলে ধরা হয়েছে। ঔপনিবেশিক শাসনের রেশ, দেশভাগ এবং ব্যাপক সামাজিক অস্থিরতার উত্তাল প্রেক্ষাপটে এই দায়িত্বকে অনেকেই প্রায় অসম্ভব বলে মনে করেছিলেন। সেই মানুষগুলোর দৃঢ়তা, সহনশীলতা ও অদম্য সংকল্পের চিত্র সিনেমাটিতে দেখা যাবে।
গত বছরের মাঝামাঝি সময়ে ‘হাম হিন্দুস্তানি’ সিনেমার খবর প্রথম জানা যায়। অনেক আগেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেই সময়ে সাইফ আলী খানের ওপর হামলা হয়। ফলে থমকে যায় সিনেমাটির শুটিং। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
২০১৭ সালে মুক্তি পায় মিমি অভিনীত ‘পোস্ত’ সিনেমা। এটি পরিচালনা করেন নন্দিতা-শিবপ্রসাদ। পরে বলিউডে এ সিনেমার রিমেক নির্মিত হয়, যাতে অভিনয় করেন মিমি।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় মিমি চক্রবর্তী।
তৃণমূলের সাবেক সংসদ সদস্য তিনি। কাজ কমিয়ে দিলেও বেছে বেছে অভিনয় করছেন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় অভিনয় করছেন ‘হাম হিন্দুস্তানি’ সিনেমায়।
এফআর