সম্প্রতি ‘হক’ সিনেমায় শাহ বানোর সাহসী প্রতিচ্ছবি পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। এরই মধ্যে শোনা যাচ্ছে তার স্বামী আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমার সিক্যুয়েলে দেখা যাবে তাকে।
‘ধুরন্ধর’র সিক্যুয়েলের নাম ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’। এতে ক্যামিও চরিত্রে ধরা দেবেন ইয়ামি গৌতম। সিনেমাটিতে তিনি অ্যাকশনে ভরপুর এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ইতিমধ্যে দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকায় সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। পাকিস্তানের লিয়ারি শহরের আদলে তৈরি সেটে টানা পাঁচ দিন শুটিং করেছেন এই অভিনেত্রী। তবে সমালোচকরা এই কাস্টিংকে ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতি হিসেবে আখ্যা দিচ্ছেন। তাদের দাবি, পরিচালক আদিত্য ধরের স্ত্রী বলেই এই বড় প্রজেক্টে জায়গা পেয়েছেন ইয়ামি। এমনকি পরিচালকের ভাইকে সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
ইয়ামি গৌতম বরাবরই তার শক্তিশালী ও বৈচিত্র্যময় অভিনয়ের জন্য প্রশংসিত। ‘কাবিল’ এ ন্যায়বিচারের খোঁজে থাকা এক অন্ধ নারীর চরিত্র, ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এ তীক্ষè বুদ্ধির গোয়েন্দা কর্মকর্তা কিংবা ‘বালা’তে সামাজিক বার্তাসমৃদ্ধ চরিত্র সব ক্ষেত্রেই তিনি নিজের অভিনয়দক্ষতার ছাপ রেখেছেন। এ ছাড়া ‘এ থার্সডে’, ‘দাসভি’, ‘আর্টিকেল ৩৭০’ ও ‘হ্যাক’র মতো থ্রিলার সিনেমায় তার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে।
বর্তমানে ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’র পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। অ্যাকশন ও শক্তিশালী গল্পের মেলবন্ধনের এই সিনেমা এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত হিট সিনেমাগুলোর মধ্যে একটি বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
এএডি/