মাঠের লড়াই আর গ্যালারির উন্মাদনা—সবই মিলেমিশে যেন একাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের আয়োজনে কবি জসিম উদ্দিন হল মাঠে জমে উঠে ‘জিয়া হল প্রিমিয়ার লিগ (জেডএইচপিএল)-২০২৬’। শনিবার (৭ ফেব্রুয়ারি) শ্বাসরুদ্ধকর ফাইনালে টিম ভাসানিকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে টিম সোহরাওয়ার্দী।
ড. জহির উদ্দিন পলাশের মালিকানাধীন দলটি যেন শুরু থেকেই ছিল অদম্য। ফাইনালে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫৩ রান সংগ্রহ করে আফতাবুল ইসলাম তন্ময়ের টিম ভাসানি। জবাবে ব্যাট করতে নেমে কিছুটা চাপের মুখে পড়লেও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টিম সোহরাওয়ার্দী।
এর আগে, গত ২ ফেব্রুয়ারি জমকালো 'গ্র্যান্ড অকশন' বা খেলোয়াড় নিলামের মাধ্যমে শুরু হয়েছিল রোমাঞ্চকর এই টুর্নামেন্ট। আটটি দলের এই লড়াইয়ে আইকন খেলোয়াড়দের রণকৌশল আর মাঠের পারফরম্যান্স ছিল দেখার মতো। দুটি গ্রুপে ভাগ হয়ে লড়াই শুরু করে দলগুলো। এরপর সেমিফাইনালের বাধা পেরিয়ে আসে ফাইনালের মঞ্চ।
পুরো টুর্নামেন্টজুড়েই হলের সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হল সংসদের সভাপতি ও প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুল হোসাইনের তত্ত্বাবধানে টুর্নামেন্টটি সফল করতে দিন-রাত কাজ করেছেন ভিপি মো. মহিউদ্দিন (মাহবুব তালুকদার), জিএস আসিফ ইমাম এবং ক্রীড়া সম্পাদকদ্বয় মো. তাজকিরুল ইসলাম ও হোছনে ইয়াসিন আরাফাত।
এদিন খেলা শেষে বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন হলের আবাসিক শিক্ষকরা। শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।
সময়ের আলো/এনএ