মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হোজাইফা আফনানের (১২) দাফন করা হয়েছে সম্পন্ন হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের বিএনপির প্রার্থী শাহাজাহান চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী নুর মোহাম্মদ আনোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা। এছাড়া স্থানীয় হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে স্থানীয়রা দাবি করে বলেন, সীমান্তে যেন আর কোনো নিরীহ মানুষের প্রাণ না ঝরে, সে জন্য সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারি বৃদ্ধির দাবি জানান। একইসঙ্গে সীমান্ত এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের অপতৎপরতা বন্ধে সরকারের প্রতি দাবি জানানো হয়।
রোববার সকাল থেকেই হুজাইফাকে এক নজর দেখার জন্য কবরস্থানে ভিড় করেন স্থানীয় মানুষ। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এর আগে শনিবার সকালে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফার মারা যান।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় শিশু হুজাইফা। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। টানা ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
সময়ের আলো/আআ