কুমিল্লা জেলার নাঙ্গলকোটে স্থানীয় একটি মৎস্য খামার থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম এবং জিআই পাইপ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই মৎস্য খামারটি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম মামুনের মালিকানাধীন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পেড়িয়া ইউনিয়নের মগুয়া এলাকার ‘আল বাশারাত মৎস্য প্রজেক্টে’ ঘটে। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরে কয়েকজন সন্দেহজনক ব্যক্তি মৎস্য প্রজেক্টের পরিত্যক্ত ভবনে আসা-যাওয়ার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে কিছু লোক মাইক্রোবাসে মালামাল নিয়ে আসে এবং কিছুক্ষণ পর তা নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা সন্দেহজনক কার্যক্রম দেখে পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।
আরও পড়ুন
মৎস্য প্রজেক্টের ম্যানেজার রায়হান রহমান রাজু বলেন, ‘গত কয়েক দিন ধরে কিছু লোক এখানে এসে দুই-তিন ঘণ্টা অবস্থান করত, কিন্তু আমাদের অনুমতি ছিল না।’
স্থানীয় বাসিন্দা সুমন আহমেদ জানান, ‘আজ আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বিস্ফোরক তৈরির সরঞ্জাম। পরে পুলিশকে খবর দেই।’
অপরদিকে, জামায়াতের স্থানীয় নেতা মাওলানা নোমান এই ঘটনার নিন্দা জানিয়ে এটিকে একটি ষড়যন্ত্র দাবি করেছেন। তিনি বলেন, ‘যুব বিভাগের নেতা মামুনের সম্পদ নিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য জাকির নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।’
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে যৌথবাহিনী সরঞ্জামসহ জিআই পাইপ উদ্ধার করেছে। বিশেষজ্ঞের পরীক্ষার পর বলা যাবে এগুলো বিস্ফোরক কিনা। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এএডি/