বাংলাদেশ জাতীয় ফুটবল দলের লেফটব্যাক ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ নতুন এক অধ্যায় শুরু করেছেন। সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বিভাগের ক্লাব ‘রিমাল আল সাহরা’ এফসিতে যোগ দিয়েছেন তিনি। ক্লাবটিতে যোগ দেওয়ার পরপরই গত মঙ্গলবার ইউএই এফএ কাপের প্রিলিমিনারি রাউন্ডে মাজদ এফসির বিপক্ষে মাঠে নেমে অভিষেক হয়েছে এই বাংলাদেশি ডিফেন্ডারের।
ম্যাচটিতে প্রথমার্ধে সাইডবেঞ্চে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে ইংলিশ লেফটব্যাক টাইলাহ সানচেজের বদলি হিসেবে মাঠে নামেন জায়ান। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয় পায় প্রতিপক্ষ মাজদ এফসি। হারলেও নিজের পারফরম্যান্স দিয়ে ক্লাবের আস্থার প্রতিদান দিয়েছেন জায়ান। ২০২৫ সালে প্রতিষ্ঠিত রিমাল আল সাহরা বর্তমানে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে; এই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলার সুযোগ পাবে তারা।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা জায়ান মূলত তার বাবা সাবেক ফুটবলার শরীফ আহমেদের উৎসাহে ফুটবলে আসেন। সেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নজর কাড়ার পর গত বছরের জুনে ঢাকায় ট্রায়াল দিতে আসেন তিনি। এরপর বাংলাদেশের বয়সভিত্তিক দল হয়ে জাতীয় দলে ডাক পান এবং হংকংয়ের বিপক্ষে তার অভিষেক হয়। গতি ও চমৎকার স্কিলের কারণে খুব অল্প সময়েই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে জায়গা করে নেন এই তরুণ।
সম্প্রতি কানাডায় ট্রায়ালে গিয়ে নজর কাড়া জায়ান ক্যারিয়ারের বিকাশের জন্য আরব আমিরাতকেই বেছে নিয়েছেন। পড়াশোনার পাশাপাশি সেখানে পেশাদার ফুটবল চালিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। ক্লাব ফুটবলে নিজেকে আরও ঝালাই করে জাতীয় দলের হয়ে আরও বড় অবদান রাখতে মুখিয়ে আছেন এই প্রতিভাবান লেফটব্যাক।
এএডি/