প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ পিএম
ছবি : সময়ের আলোখেলা হলে পেশা, পরিবার পাবে ভরসা— এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। বর্তমান সরকার ক্রীড়াকে গুরুত্ব দিয়ে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টস সেই কার্যক্রমের অন্যতম। এ ছাড়া পাঠ্যবইয়ে খেলাকে যুক্ত করা, বিদ্যালয়ে বাধ্যতামূলক ক্রীড়াবিষয়ক শিক্ষা সংযোজন আরও নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই মহতী কার্যক্রমে অন্যান্য ফেডারেশনের মতো এগিয়ে এসেছে বাংলাদেশ তায়কোয়ান্দোও। নতুন কুঁড়ি স্পোর্টসকে সামনে রেখে তারা ইতিমধ্যে কর্মসূচি হাতে নিয়েছে। এ ছাড়া তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
এ ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, ‘তায়কোয়ান্দো একটি আত্মরক্ষামূলক জনপ্রিয় খেলা। এই খেলার মাধ্যমে খেলোয়াড়দের মানসিক এবং শারীরিক বিকাশ যেমন ঘটে, তেমনি সচেতনা বৃদ্ধিতেও ভূমিকা রাখে। এ লক্ষ্যেই কক্সবাজারে দুই দিনব্যাপী আয়োজিত হয়েছে জেলা তায়কোয়ান্দো প্রতিযোগিতা। এত সুন্দর এবং পরিচ্ছন্ন আয়োজন আমার তিন দশকের অভিজ্ঞতা আগে দেখিনি। এমন আয়োজনের জন্য কক্সবাজার জেলা তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। এই আয়োজন দেশের তৃণমূলকে আরও শক্তিশালী করবে।’
বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সহযোগিতায় এবং কক্সবাজার জেলা তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস শাকুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারের আসরে ২০০ তায়কোয়ান্দোকারা অংশ নেন।
সময়ের আলো/আতা