প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:৫১ পিএম
ছবি : সংগৃহীতমিরপুর টেস্টের শেষ দিনেই অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছিল মুমিনুল হকের সিলেট টেস্টে খেলা হচ্ছে না। সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায় মিলেছিল সেই ইঙ্গিত। এরপর দল ঘোষণার মধ্য দিয়ে নিশ্চিত হয় বিষয়টি। মাথায় আঘাতের কারণে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এই ব্যাটার। তার জায়গায় স্কোয়াডে ফিরেছেন অমিত হাসান।
মিরপুর টেস্টের বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন বলতে এটিই। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিংয়ের সময় মাঠে পড়ে গিয়ে হেলমেটের আঘাতে মাথায় চোট পান মুমিনুল। পরে তার কনকাশন বদলি হিসেবে খেলেন জাকের আলী।
আইসিসির কনকাশন প্রটোকল অনুযায়ী, মাথায় আঘাত পাওয়ার পর সাত দিন পর্যন্ত কোনো শীর্ষ পর্যায়ের ম্যাচে খেলতে পারেন না ক্রিকেটাররা। মুমিনুলের সেই সময়সীমা শেষ হওয়ার কথা সিলেট টেস্টের প্রথম দিনে। ফলে দ্বিতীয় টেস্টে তার খেলার সুযোগ থাকছে না। তার জায়গায় দলে ফেরা অমিত বাংলাদেশের হয়ে একটি টেস্ট খেলেছেন।
গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ২৯ রান। এরপর জায়গা হারান দল থেকে। তবে জাতীয় লিগে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এই ব্যাটার। সবশেষ দুই ম্যাচে তার রান ৯৪ ও অপরাজিত ২০১। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ১২ সেঞ্চুরি ও ১৮ ফিফটিতে ৫০.৫০ গড়ে তার রান ৪ হাজার ৪০।
বর্তমানে চট্টগ্রামে জাতীয় লিগে সিলেটের হয়ে খেলছেন অমিত। কবে দলের সঙ্গে যোগ দেবেন, তা জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেন, ‘এখনই আমরা ওকে জাতীয় লিগের ম্যাচ থেকে তুলে নিচ্ছি না। আরেকটি ইনিংস ওখানে ব্যাটিং করতে পারলে ভালো। খুব জরুরি মনে করলে, ম্যাচের তৃতীয় দিনের পর হয়তো তুলে নেওয়া হতে পারে ওকে।’ তবে স্কোয়াডে ফিরলেও অমিতের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম। চোট কাটিয়ে সিলেট টেস্টে ফিরছেন মুশফিকুর রহিম। ফলে তাওহীদ হৃদয় ও জাকের আলীর মধ্যে একজনের একাদশে থাকার সম্ভাবনাই বেশি।
আগামী বৃহস্পতিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। মিরপুরে ৮ উইকেটে হারের পর সিরিজ বাঁচাতে সিলেটে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
সময়ের আলো/আতা