বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—নিজলাঠিমারা গ্রামের মৃত সের আলী মোল্লার ছেলে জামায়াত কর্মী কবির মোল্লা (৩০) ও একই এলাকার শিবির কর্মী রাহাত (১৯)। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মংচেনলা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তারা টেংরা গ্রামের বিভিন্ন স্থানে টাকা বিতরণ করছিল। এক পর্যায়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এক বিএনপির কর্মীকেও টাকা দেওয়ার প্রস্তাব দেয়। এসময় স্থানীয় লোকজন ও বিএনপি কর্মীরা রাহাতকে আটক করেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কর্মীদের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এরমধ্যে টহল পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসলে অভিযোগের ভিত্তিতে জামায়াত কর্মী কবির ও রাহাতকে পুলিশ হেফাজতে নেয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে নৌবাহিনীর সদস্যরা এসে পৌঁছলে তাদের আটক করে পাথরঘাটা থানায় হস্তান্তর করে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মংচেনলা বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে টাকা বিতরণের অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি রামদা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
সময়ের আলো/কেএইচও