রাজধানী ঢাকার বাইরেও ভোট পড়ার হার এখন পর্যন্ত সন্তোষজনক। রাজধানীর লাগোয়া গাজীপুরের কাপাসিয়ার একটি কেন্দ্র দেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্রে দুপুর ২টার পর্যন্ত ভোট পড়েছে ৪৬ শতাংশের বেশি। এই কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি বেশ সন্তোষজনক বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আশরাফ উদ্দিন।
দুপুর সোয়া দুইটায় এই ভোটগ্রহণ কর্মকর্তা সময়ের আলোকে জানান, সংসদীয় আসন ১৯৭, গাজীপুর-৪, কেন্দ্র নং- ৭৬-এ সকাল থেকে তার কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।
তিনি বলেন, দুপুর ২.২০ টা পর্যন্ত ভোট কাস্ট ১৫৫৮ হয়েছে। মোট ভোটার ৩৩৮৫। শতকরা হিসেবে ৪৬.০২ ভোটার ওই সময় পর্যন্ত ভোট দিয়েছেন। এই কেন্দ্রে আটটি বুথে নারী পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই কেন্দ্রে সকাল ১১ টা নাগাদ ২২.৫১% ভোট কাস্ট হয়েছিল।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অন্য যেকোন সময়ের চেয়ে তৎপর। ভোটগ্রহনের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও সহকারী রিটার্নিং অফিস থেকে একটু পরপর কেন্দ্রের আপডেট নিচ্ছে ও সিসিটিভি মনিটরিং করছে। কেন্দ্রের বাহিরে লোকজনের জটলা দেখলে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্তরা সিসিটিভি ফুটেজ দেখে একটু পরপর কল দিয়ে খবর নিচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথবাহিনীর টিম কেন্দ্র পরিদর্শন করছে।
নির্বাচন কর্মকর্তা আশরাফ উদ্দিন আরও বলেন, আমার কেন্দ্রে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমার কেন্দ্রে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
/এমএইচআর