পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের শুরুতেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে (৪৮) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে নমুনা ব্যালটসহ তাকে আটক করা হয়। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে। দণ্ডপ্রাপ্ত সুকুমার দাস তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিষ্টানপাড়া এলাকার বিমল দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুকুমার দাস বাবু একটি ব্যাটারিচালিত ভ্যানে করে এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। সেখানে তিনি কেন্দ্রে প্রবেশকারী ভোটারদের হাতে নমুনা ব্যালট তুলে দিয়ে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার জন্য প্ররোচিত করছিলেন। বিষয়টি নজরে এলে স্থানীয়রা তাকে আটক করে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন।
পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডাদেশের পর তাকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে জেলহাজতে পাঠানো হবে।
সময়ের আলো/কেএইচও