ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজি ধরে বাজিতে হেরে ৩ লাখ টাকা মূল্যের মহিষ খোয়ালেন আমির হোসেন নামে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা সমর্থক এক কৃষক। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বালুঘাটা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২নং কলসপাড় ইউনিয়নের বালুঘাটা গ্রামের কৃষক আমির হোসেন (৪৬) জামায়াতে ইসলামী মনোনীত গোলাম, কিবরিয়ার সমর্থক। একই ইউনিয়নের পার্শ্ববর্তী উত্তর নাকশি গ্রামের অপর কৃষক আব্দুল মান্নান (৬০) বিএনপি মনোনীত ফাহিম চৌধুরীর সমর্থক। দু’জনের মাঝে সামাজিক সম্পর্কও ভালো এবং নানা-নাতি হিসেবে তারা একে অপরকে ডেকে থাকেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর দিকে উভয়ের মাঝে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা প্রতীকের জয়-পরাজয় নিয়ে কথা হলে একপর্যায়ে দুজনই বাজিতে জড়ান। শর্ত হয়, ধানের শীষ পাশ করলে আমির হোসেনের গোয়ালে থাকা একটি মহিষ আব্দুল মান্নান নিয়ে যাবেন। অন্যদিকে দাঁড়ি পাল্লা পাশ করলে আব্দুল মান্নানের গোয়ালে থাকা ৬টি মহিষ আমির হোসেন নিয়ে যাবেন। যেই কথা সেই কাজ।
গত বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে লোকজন নিয়ে আমির হোসেনের বাড়ি গিয়ে মহিষ আনতে হাজির হন আব্দুল মান্নান। আমির হোসেনও কথা রক্ষায় বাজিতে হেরে যাওয়ায় তার গোয়ালে থাকা প্রায় তিন লাখ টাকা মূল্যের মহিষ দিয়ে দেন। পরে ঢাক-ঢোল বাজিয়ে মহিষের গলায় মালা পড়িয়ে স্থানীয় লোকজন নিয়ে নেচে-গেয়ে মহিষটি নিয়ে আসেন আব্দুল মান্নান। এ সময় স্থানীয়রা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে বাজিতে হেরে যাওয়া আমির হোসেন জানান, তার গোয়ালে একটি মহিষই ছিল, যা গর্ভবতী। এর মূল্য প্রায় তিন লাখ টাকা। বাজিতে হেরে যাওয়ার পর শুক্রবার সকালে আব্দুল মান্নান তার বাড়িতে মহিষ আনতে যান। পরে তিনি তার আদরের ওই মহিষটি মান্নানকে আপোষেই দিয়ে দেন।
বিষয়টি নিশ্চিত করে কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, উভয়ের বাজি অনুযায়ী দাঁড়িপাল্লা পাশ করলে মান্নানের ৬টি মহিষ পেতেন আমির হোসেন। কিন্তু ধানের শীষ পাশ করায় আমির হোসেনের একটি মহিষ আবব্দুল মান্নান জিতে নেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সময়ের আলো/জোআই