শাফিন আহমেদ, বাংলাদেশের সংগীত জগতের এক কিংবদন্তি, যার কণ্ঠের গভীরতা ও সুরের মূর্ছনায় মুগ্ধ সবাই। কিন্তু সেই কণ্ঠ চিরদিনের জন্য থেমে যায় ২০২৪ সালের ২৪ জুলাই। প্রয়াণের পর এই শিল্পীর আজ দ্বিতীয় জন্মদিন। বেঁচে থাকলে আজ তিনি পা দিতেন ৬৪-তে। ফাগুন ও ভালোবাসা দিবস উপলক্ষে আজকের দিনটি আনন্দের হলেও শাফিন পরিবার ও তার ভক্তদের জন্য বেদনার। জানা গেছে, এবার দেশের সার্বিক পরিস্থিতির কারণে তেমন কোনো আয়োজন না থাকলেও পারিবারিকভাবে নিজেদের মতো করে তার জন্মদিন পালন করা হবে।
১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি কলকাতায় জন্ম শাফিন আহমেদের। তার মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। মাত্র নয় বছর বয়সে গান শেখা শুরু হয় শাফিনের। বাবা কমল দাশগুপ্তের কাছে তিনি যেমন উচ্চাঙ্গসংগীত শিখেছেন, আবার মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত। এরপর বিদেশে পড়াশোনার কারণে পাশ্চাত্যের সংস্পর্শে ব্যান্ডসংগীতের প্রতি আকৃষ্ট হন শাফিন।
আরও পড়ুন
১৯৭৯ সালে গঠিত হয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’। এর কিছুদিন পর এতে যুক্ত হন দুই ভাই- শাফিন ও হামিন। ব্যান্ডে তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘ফিরিয়ে দাও’, ‘আজ জন্মদিন তোমার (একক)’, ‘চাঁদ তারা সূর্য’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘কী জাদু’, ‘কতকাল খুঁজব তোমায়’, ‘হৃদয়হীনা’, ‘জ্বালা জ্বালা’, ‘শেষ ঠিকানা’ ইত্যাদি। ব্যান্ডের বাইরেও শাফিনের জনপ্রিয় অসংখ্য গান রয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২০ জুলাই ভার্জিনিয়াতে একটি কনসার্টে গান পরিবেশন করার কথা ছিল শাফিন আহমেদের। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শো বাতিল করা হয়। তাকে ভার্জিনিয়ার একটি হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাফিন।
এএডি/