চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন এক রাজনৈতিক বার্তা দিয়েছে ভোটাররা।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান শেষ পর্যন্ত ভোটের মাঠে উল্লেখযোগ্য সমর্থন পেয়েছেন। এটি স্থানীয় রাজনীতিতে ‘দল বনাম জনমতের’ বিরল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনের আগে দল জানিয়েছিল, বিদ্রোহী অবস্থানের কারণে প্রার্থীকে শাস্তি দেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু নির্বাচনী প্রচারণার সময় মাঠের চিত্র ভিন্ন ছিল। নিজের দীর্ঘদিনের সামাজিক যোগাযোগ, এলাকায় করা উন্নয়ন কাজ এবং প্রতিশ্রুতির মাধ্যমে তিনি ভোটারদের সমর্থন চান। তিনি উঠান বৈঠক, ছোট জনসভা ও ব্যাপক গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছেছেন। ভোটের দিন কেন্দ্রগুলোতে তাঁর সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোটাররা জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। একজন ভোটার বলেন, দল তাকে বাদ দিয়েছে, কিন্তু আমরা দেখেছি তিনি এলাকায় কাজ করেছেন। তাই আমরা ভোট দিয়ে আমাদের মতামত জানিয়েছি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল স্থানীয় রাজনীতিতে ব্যক্তিনির্ভর ভোটের প্রবণতা স্পষ্ট করেছে। বড় দল নির্বাচনের বাইরে থাকায় ভোটের সমীকরণ বদলে গেছে এবং প্রার্থীর ব্যক্তিগত ইমেজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ফলাফল ঘোষণার পর সমর্থকরা উৎসবমুখর হয়ে উদযাপন করেছেন।
তাদের ভাষায়, দল তাকে শাস্তি দিয়েছে, কিন্তু জনগণ পুরস্কার দিয়েছে। এই ফলাফল ভবিষ্যতে দলগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা; সংগঠনের সিদ্ধান্তের পাশাপাশি তৃণমূল ভোটারদের মতামতকেও গুরুত্ব দিতে হবে।
চাঁদপুর-৪ আসনের রাজনীতিতে এটি নতুন সমীকরণের সূচনা করছে।
সময়ের আলো/আরবিএন