অন্তর্কোন্দলে বিএনপির দুর্গ জামায়াতের দখলে

তৌহিদ উদ দৌলা রেজা, মেহেরপুর

সারাদেশ

খুলনা বিভাগে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত মেহেরপুর জেলার দুটি আসন। এ দুটি আসনে এবার বিএনপির সাবেক দুই সংসদ সদস্যকে পরাজিত

2026-02-14T23:56:33+00:00
2026-02-14T23:56:33+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
অন্তর্কোন্দলে বিএনপির দুর্গ জামায়াতের দখলে
তৌহিদ উদ দৌলা রেজা, মেহেরপুর
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ পিএম   (ভিজিট : ১৩০)
প্রতীকী ছবি
খুলনা বিভাগে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত মেহেরপুর জেলার দুটি আসন। এ দুটি আসনে এবার বিএনপির সাবেক দুই সংসদ সদস্যকে পরাজিত করে ১১ দলীয় ঐক্য জোটের জামায়াত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে জামায়াত প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দীন খান ও মেহেরপুর-২ (গাংনী) আসনে জেলা জামায়াতের শূরা সদস্য নাজমুল হুদা বিজয়ী হয়েছেন। বিএনপির দলীয় অন্তর্কোন্দলের ফলে এ দুটি আসনে জামায়াত জোট প্রার্থী বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন দলীয় নেতাকর্মীরা। নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে ৭৩ মেহেরপুর-১ আসনে জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দীন খান এবং ৭৪ মেহেরপুর-২ গাংনী আসনে জামায়াত নেতা নাজমুল হুদা নির্বাচিত হন।

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর)  আসনে সাবেক এমপি মাসুদ অরুণকে ১৬ হাজার ৬৭৪ ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দীন খান। জামায়াত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২১ হাজার ৪৬১ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৯৭৫ জন।

অন্যদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে সাবেক এমপি আমজাদ হোসেনকে ১০ হাজার ৩১৮ ভোটে পরাজিত করেন নাজমুল হুদা। জামায়াত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬ হাজার ৩০৬ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ও ধানের শীষে পেয়েছেন ৮৫ হাজার ৯৮৮ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৭০৫ জন।

পূর্ববর্তী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে দেখা যায়, ১৯৮৪ সালের ২৪ ফেব্রুয়ারি মেহেরপুর জেলা গঠিত হয়। তারপর থেকে মেহেরপুর-১ আসনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংসদ সদস্য ছয়বার (বিতর্কিত নির্বাচনসহ), জাতীয় পার্টি একবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারই প্রথম বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।


অন্যদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংসদ সদস্য তিনবার (বিতর্কিত নির্বাচনসহ), ফ্রিডম পার্টি একবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চারবার নির্বাচিত হয়েছিলেন, স্বতন্ত্র দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসনেও জামায়াত ইসলামী থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এ আসনে ২০০৮ সালের নির্বাচনে সারা দেশে বিএনপির ভরাডুবিতেও বিএনপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী আমজাদ হোসেন বিজয়ী হয়েছিলেন।

এ দুটি আসনে বিএনপির পরাজয়ের পেছনে বিএনপির অন্তর্কোন্দলকে দায়ী করেছেন নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতাকর্মী সময়ের আলোকে বলেন, জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং শেষ পর্যন্ত মনোনয়ন পরিবর্তনের জন্য রাজপথে মশাল মিছিলসহ প্রতিদিন নানা কর্মসূচি পালন করেছেন। কিন্তু দল যাকে মনোনয়ন দিয়েছে তাদের জন্য মাঠে কোনো কাজ করেনি বরং অনুসারীদের মাধ্যমে তাদের ভোটারকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য বলে দিয়েছেন। 

বৃহস্পতিবার জেলার দুটি আসনে ভোটের ফলাফল প্রকাশের পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট কামরুল হাসানের একটি অডিও ক্লিপ ইতিমধ্যে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা ভাইরাল হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক যদি দলের প্রার্থীর বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের কারণেই মেহেরপুরের দুটি আসন বিএনপি হারিয়েছে। জেলার প্রতিটি গ্রামে বাজার-ঘাট সব জায়গায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিএনপি  দুর্গ  জামায়াতের দখলে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: