ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন শেষ হলেও বাকি রয়েছে রাষ্ট্রীয় অনেক আনুষ্ঠানিকতা। জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ বাক্য পাঠের পর রীতি অনুযায়ী সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ কারণে রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌধ কর্তৃপক্ষ।
নতুন সংসদ সদস্যরা শ্রদ্ধা নিবেদন না করা পর্যন্ত সাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্মৃতিসৌধের মূল ফটকে এসংক্রান্ত একটি নোটিশও দেওয়া হয়েছে।
সৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, শপথ বাক্য পাঠের পর যে কোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা স্মৃতিসৌধে আসবেন। এজন্য সৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কবে নাগাদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তার চূড়ান্ত তারিখ ঠিক না হলেও সৌধ কর্তৃপক্ষ বলছে, যেদিন ফুল দিয়ে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সেদিন পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
এ প্রসঙ্গে গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ বাক্য পাঠের পর রীতি অনুযায়ী একদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে সৌধের বেদিতে ফুল দিয়ে জাতির বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এবারও শপথ বাক্য পাঠের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে সৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সময়ের আলো/এনএ