কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে তুলুম গোলাগুলি হয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন, ওই এলাকার আনিছুর রহমান (৫৫), নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে আজ (সোমবার) হঠাৎ করেই দুগ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয়পক্ষই একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় দফাদারপাড়া এলাকার ময়জুদ্দিন দফাদারের ছেলে রিন্টু (২৬), সোহরাবের ছেলে দোয়েল (২৫), তুয়বুদ্দির ছেলে সিহাব (৫০) ও জালালসহ অজ্ঞাতনামা আরও ৮–১০ জন জড়িত থাকতে পারেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এর আগে আহত আনিছুর রহমানের বাড়ির টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই ঘটনার জের ধরেই এ গোলাগুলির ঘটনা ঘটে।
এতে এসব বিষয়ে কথা বলতে চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান সময়ের আলোকে বলেন, পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এফআর